রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পোশাক কারখানার তিন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত তাঁরা কেউ গ্রেপ্তার হননি।গত শনিবারের ওই অগ্নিকাণ্ডে আহত পাঁচ পোশাকশ্রমিক রায়েরবাজারের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা উন্নতির দিকে।পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে নিহত পোশাকশ্রমিক রাজিয়া আক্তারের বাবা আলতাব হোসেন শনিবার রাতে কারখানার মালিক ও পরিচালক মো. শরীফ আহমেদ, জাকির আহম্মেদ, সুভাষসহ অজ্ঞাতনামা কর্মকর্তাদের আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, মালিকদের অবহেলায় আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। এতে প্ররোচনার অপরাধ করেছেন তাঁরা।ঢাকার জেলা প্রশাসন ময়নাতদন্ত ছাড়াই নিহত সাত নারী শ্রমিকের লাশ শনিবার রাতে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে। স্বজনেরা লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান।অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাসকে প্রধান করে চার সদস্যের এই কমিটিকে তিন কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, পোশাক কারখানাটি ফায়ার সার্ভিসের অনুমোদন নেয়নি। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে একটু সময় লাগবে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।দুই প্রতিমন্ত্রীর শোক: গতকাল তথ্য বিবরণীতে বলা হয়, স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ভোলা অফিস জানায়, স্মার্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত পোশাকশ্রমিক নাসিমা বেগমের লাশ ভোলার বোরহানউদ্দিনের চর গাজীপুরে, নাসিমা আক্তারের লাশ দেউলায় ও লাইজুর লাশ চরফ্যাশনের কলমি গ্রামে দাফন করা হয়।