প্রায় ৪৫ কেজি সোনা চোরাচালানের মামলায় মালয়েশীয় তিন নাগরিকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সোনার প্রকৃত মালিক আতিকুর রহমান মালয়েশিয়ায় পলাতক থাকায় তাঁকে আসামি করা হয়নি।
অভিযোগপত্রে তিন মালয়েশীয় ও দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়। এর মধ্যে মালয়েশীয় নাগরিক হলেন জোহারি বিন হারুন (৪১), মোদ আজওয়ান বিন সালেহিন (২১) ও হি উই কুন (৩৮)। বাংলাদেশি দুই নাগরিক হলেন আবুল হোসেন খন্দকার (৬৩) ও মানিক মোল্লা ওরফে ডলার (৩০)। পাঁচজনই এখন কারাগারে রয়েছেন।
গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করলেও তা জানা গেছে আজ বৃহস্পতিবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
গত বছরের ১০ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশীয় নাগরিক হারুন, সালেহিন ও কুনের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৪৪ দশমিক ৭৫ কেজি সোনা জব্দ করা হয়। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
সোনা চোরাচালান চক্রের সদস্যদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি মানিক মোল্লা ওরফে ডলার। আদালতকে ডলার বলেন, তিনি তিতুমীর কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। তাঁর পিতার মামাতো ভাই আতিয়ার রহমান ২০ বছর ধরে মালয়েশিয়ায় বাস করছেন। তিনিই এই সোনার প্রকৃত মালিক। সোনাগুলো ভারতের সোনা ব্যবসায়ী কৃষ্ণার কাছে পাঠানোর কথা ছিল।
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সোনার মূল মালিক হিসেবে আতিকুর রহমান ও আবুল হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আতিকুর রহমান মালয়েশিয়ায় পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। আবুল হোসেন সোনা চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া তিন মালয়েশীয় তদন্ত সংস্থার কাছে দেওয়া বিবৃতিতে বলেন, তাঁরা এই সোনা বহন করে এনেছেন। এর বিনিময়ে কিছু বেতন দিতে চেয়েছিলেন বাংলাদেশি নাগরিক রাজু।