তিন মাস গ্যাস নেই বরাব মোহনপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের বরাব মোহনপুর এলাকায় গত প্রায় তিন মাস গ্যাস-সংকট চলছে। সেখানে খুব সকালে গ্যাস চলে যায়, আসে দুপুর গড়িয়ে গেলে। গ্যাসের অভাবে এলাকাবাসী বিকল্প উপায়ে রান্নার কাজ সারেন।

গতকাল সোমবার এলাকার বাসিন্দারা জানান, পার্শ্ববর্তী আদাবরসহ বিভিন্ন স্থানে গ্যাসের সমস্যা না থাকলেও বরাব মোহনপুরে সমস্যা দিন দিন বাড়ছে। এটা এখন অনেকটা নিয়তি হয়ে গেছে। এলাকায় পাইপলাইন সরু, নাকি এলাকাটি আশপাশের এলাকা থেকে উঁচু—কোন কারণে দীর্ঘদিন এই গ্যাস-সংকট তা এলাকাবাসী জানেন না।

বরাব মোহনপুরে বহুতল ভবনসহ শতাধিক বাড়ি রয়েছে। এসব ভবনে বসবাসকারী পরিবারগুলো গ্যাস সমস্যার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। কয়েকজন বাসিন্দা জানান, গ্যাস না থাকায় বেশির ভাগ বাসায় রাতের বেলায় রান্না হয়। অনেকে ভোরবেলায় ভাত রান্না করে দুপুরে খাওয়া-দাওয়া করেন। বাসিন্দারা জানান, গ্যাসের অভাবে বিভিন্ন বাসাবাড়িতে ইলেকট্রিক চুলা ব্যবহার করা হচ্ছে। এ জন্য প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলও গুনতে হচ্ছে।        

৫/১/এফ নম্বর বাড়ির একজন বাসিন্দা উত্তর ঢাকার তিতাস গ্যাস কোম্পানির অভিযোগকেন্দ্রে বিষয়টি জানিয়েছেন বলে জানান।

গত সন্ধ্যায় জানতে চাইলে গুলশানে অবস্থিত ওই অভিযোগকেন্দ্র থেকে বলা হয়, বরাব মোহনপুর এলাকায় গ্যাস-সংকট চলছে—এমন খবর তাঁদের কাছে গতকালই মাত্র এসেছে।

যোগাযোগ করা হলে তিতাস গ্যাস কোম্পানির অপারেশন বিভাগের একজন কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এবং কিছুটা স্বল্পচাপের সমস্যা থাকার কারণে পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের কিছুটা সংকট চলছে। তবে মোহাম্মদপুরের বরাব মোহনপুরে ঠিক কী কারণে গ্যাস সমস্যা তা তাঁরা এখন পর্যন্ত জানতে পারেননি। এটা ঠিক কী কারণে হচ্ছে তা খতিয়ে দেখতে টিম পাঠানো হবে।