তিন মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত আধাপাকা স্কুল ভবনটি সংস্কার না হওয়ায় শিক্ষকেরা বাধ্য হয়ে এভাবে পড়াচ্ছেন। বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে।
১৯৭৩ সালে ৮৭ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন জানান, চলতি বছরের ২২ মে ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে-মুচড়ে যায় কক্ষগুলোর টিনের চালা। যেকোনো সময় ইটের দেয়ালও ধসে পড়তে পারে। এ কারণে তাঁরা শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছেন।
মাহমুদা খাতুন আরও জানান, বিদ্যালয়টি সংস্কারের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। এখনো সাড়া মেলেনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, গ্রামে বসবাসরত বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের কৃষক। গ্রামে এমন কোনো অবস্থাপন্ন ব্যক্তি নেই, যিনি নিজের টাকায় বিদ্যালয়টি সংস্কার করে দিতে পারেন।
পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত জানায়, মাঠে রোদের মধ্যে ক্লাস করার সময় তাদের খুব কষ্ট হয়। হঠাৎ বৃষ্টি নামলে বই ও জামাকাপড় ভিজে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, তিনি বিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানিয়েছেন। তবে বিদ্যালয়টির সংস্কারে এখনো কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, ওই বিদ্যালয়টি সংস্কারের বিষয়ে তিনি বগুড়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে যোগাযোগ করেছেন। এই দপ্তর থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।