তিন মাস ধরে চলা অশ্লীল নাচ বন্ধ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে টানা তিন মাস ধরে চলা অশ্লীল নাচ ও জুয়ার আসর অবশেষে অভিযান চালিয়ে ভেঙে দিয়েছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু ও আকেল মামুদ মৌজার মধ্যবর্তী দুর্গম বিন্দুর চরে তিন মাস ধরে যাত্রাপালার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলছিল। গ্রামের প্রভাবশালী ব্যক্তি নাদের আলীর নেতৃত্বে স্থানীয় আইয়ুব আলী, কুদ্দুস আলী, দেলবর সরদার, তৈয়ব আলী সরদার, আবদুল বাতেন, মফিজলসহ একটি চক্র প্রতি রাতেই এ ধরনের আসর বসাচ্ছিল। স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এসব বন্ধে পুলিশকে বারবার অনুরোধ করলেও রহস্যজনক কারণে তারা নীরব ছিল। গত বুধবার রাত নয়টার দিকে ইউএনও শাহীনুর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে যাত্রাপালার প্যান্ডেলটি পুড়িয়ে দেয়। এ সময় জুয়াড়িরা পালিয়ে যায়।
অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের এলাকায় পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকা মোল্লা বলেন, ‘আমি গত ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু এত দিন কোনো কাজ হয়নি। অবশেষে গতকাল অভিযান চালানো হয়।’
ইউএনও জানান, অভিযান টের পেয়ে আয়োজক ও জুয়াড়িরা পালিয়ে যায়। পরে জব্দ করা মালামাল নষ্ট করা হয়। যাত্রা ও জুয়ার আসর চালানোর কাজে ব্যবহার করা একটি জেনারেটর নিলামে বিক্রি করে দেওয়া হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে বলেন, ‘আমরা উচ্ছেদের চেষ্টা করেছি। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে তা পারিনি।’