তিন মাস ধরে দুপচাঁচিয়ার এক ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিমল কুমার সাহা (৫১) নামের এক ব্যবসায়ী প্রায় তিন মাস ধরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৩ দিনের মাথায় পরিবারের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মহাজনদের কাছ থেকে মালামাল নিয়ে মোটা অঙ্কের পাওনা টাকা না দেওয়ার জন্য কৌশল হিসেবে পরিমল সাহা নিজেই আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্র জানায়, পরিমল কুমার সাহা পৌর এলাকার লক্ষ্মীতলার বাসিন্দা। উপজেলা সদরের নওগাঁ-বগুড়া সড়কের জেকে কলেজগেট-সংলগ্ন এলাকায় ‘সাহা স্টোর’ নামে পাইকারি ও খুচরা মালামালের দোকান রয়েছে তাঁর। তিনি বগুড়া, সান্তাহার, ঢাকা, খুলনা, চট্টগ্রামের আমদানিকারক ও মহাজনের কাছ থেকে বাকিতে চিনি, ছোলা, লবণ, ডাল, ভোজ্যতেল, কেরোসিন, সাবানসহ বিভিন্ন ধরনের মালামাল এনে পাইকারি ও খুচরা বিক্রি করেন। এ ছাড়া বেসরকারি একটি ব্যাংক ও কয়েকটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছেন। তিনি গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নিখোঁজ হন। পরিমল নিখোঁজের পর থেকে তাঁর স্ত্রী আন্না রানী সাহা কয়েক দিন দোকানটি খোলা রাখলেও এখন বন্ধ রয়েছে। এ দিকে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকে তাঁর দোকান ও জেকে কলেজ রোডের চারতলা বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে লেখা আছে, ‘এ সম্পত্তি ব্যাংকের শাখায় দায়বদ্ধ’।
নাম প্রকাশ না করার শর্তে সোস্যাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, পরিমলের নামে কোনো বিষয়-সম্পত্তি নেই। তবে তাঁর স্ত্রীর সম্পত্তি ব্যাংক মর্টগেজ নিয়ে ও গ্যারান্টর করেই তাঁকে ঋণ দিয়েছে। ব্যাংকে তাঁর ঋণের পরিমাণ প্রায় কোটি টাকা। তবে সম্পত্তি বিক্রি করে তাঁর স্ত্রী ব্যাংকের ঋণ শোধ করে দিতে চেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় চার-পাঁচজন খুচরা ও পাইকারি ব্যবসায়ী বলেন, এর আগেও পরিমল একই কায়দায় গা ঢাকা দিয়েছিলেন। পরে মহাজনরা তাঁদের পাওনার যত্সামান্য টাকা নিয়ে ছাড় দিয়েছিলেন। এবারও ওই পথেই হাঁটছেন পরিমল। তাঁরা আরও বলেন, পরিমল কয়েক কোটি টাকা দেনা। তিনি দুপচাঁচিয়ার ব্যবসায়ীদের সুনাম নষ্ট করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার সান্তাহারের এক পাওনাদার ব্যবসায়ী বলেন, পরিমলের কাছ থেকে তিনি প্রায় আট লাখ টাকা পান। টাকার জন্য তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দুই কিস্তিতে এক লাখ টাকা পেয়েছেন। এরপর তাঁর স্ত্রী বলেন, পরিমলও খুচরা পাইকারদের কাছ থেকে লাখ লাখ টাকা পাবেন।
বগুড়ার আরেক পাওনাদার ব্যবসায়ী বলেন, পরিমলের গা ঢাকা দেওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি সামান্য টাকা পেয়েছেন।
পরিমলের শ্যালক রমেন পোদ্দার বলেন, ‘আমার ভগ্নিপতি কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেছেন। তাঁকে মুঠোফোনে ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে থানায় জিডি করেছি।’ মহাজনদের পাওনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, কম-বেশি করে মহাজনদের টাকা শোধ করা হচ্ছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, ‘ওনার শ্যালক একটা জিডি করেছেন। আমি পরিমলের মুঠোফোনের কললিস্ট নিয়ে খোঁজ করে ওনাকে পেয়েছি। উনি এখন মালয়েশিয়ায় আছেন।’ তবে পরিমলের মালয়েশিয়ার মুঠোফোন নম্বর চাইলে ওসি বিষয়টি এড়িয়ে যান।