তিন মাস ধরে বিকল 'মাধবীলতা'
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারে নিয়োজিত ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতা তিন মাসের বেশি সময় বিকল পড়ে আছে। ঈদের আগে মেরামত করা না গেলে যানবাহন পারাপারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৮টি ফেরি চলাচল করে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত ২১ মার্চ পানির নিচে মাটিতে ধাক্কা খেয়ে ফেরি মাধবীলতার প্রপেলারের লোয়ার গিয়ার বক্স (যে যন্ত্রের মাধ্যমে ফেরিটি চলাচল করে) ভেঙে যায়। এরপর থেকে ফেরিটি বিকল রয়েছে।
নাম প্রকাশ না করতে ইচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা বলেন, ইউটিলিটি ফেরিতে নয়টি ট্রাক কিংবা ছয়টি যাত্রীবাহী কোচ অথবা ১৮-২০টি ছোট গাড়ি পারাপার করা হয়। ওই ফেরিটি মেরামত করা না হলে ঈদে যানবাহন পারাপারে কিছুটা হলেও প্রভাব পড়বে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটসংলগ্ন ভাসমান কারখানা ‘মধুমতি’। এর পূর্ব পাশেই ফেরি মাধবীলতা নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ফেরি চলাচলে সহায়তাকারী ওই যন্ত্রটি বাংলাদেশে নেই। এ কারণে নেদারল্যান্ডস থেকে তা আমদানি করা হচ্ছে। যন্ত্রটি প্রতিস্থাপন করা হলে ফেরিটি যানবাহন পারাপারে লাগানো হবে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার মো. তানভীর হোসেন বলেন, যানবাহন পারাপরে ঈদের আগে আরেকটি রো রো ফেরি ভাষাশহীদ বরকত এই নৌপথে আনা হচ্ছে।