তিন মাস ধরে ভাতা পাচ্ছেন না ২০৩ মুক্তিযোদ্ধা
বরগুনার আমতলী উপজেলার ২০৩ জন দুস্থ মুক্তিযোদ্ধা তিন মাস ধরে তাঁদের ভাতার অর্থ পাচ্ছেন না। এ কারণে চরম আর্থিক সংকটে আছেন এসব মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২১৪ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ২০৩ জন দুস্থ মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পাচ্ছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাতা হিসেবে প্রতি মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা দেওয়া হয়। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাস উপজেলার ২০৩ জন মুক্তিযোদ্ধা তাঁদের ভাতার অর্থ পাচ্ছেন না। সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে ওই অর্থ বিতরণ করার কথা থাকলেও গত তিন মাসে বারবার ধরনা দিয়েও ভাতা তুলতে পারেননি তাঁরা।
ভাতার সুবিধাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মৃত আবদুল মালেকের স্ত্রী উরফুল তাসলিমা বলেন, ‘স্বামীর ভাতার টাকায় আমার সংসার চলে। কিন্তু গত তিন মাস টাকা না পাওয়ায় খুব কষ্টে দিন কাটাচ্ছি।’
আরেক মুক্তিযোদ্ধা বারেক সরদারের স্ত্রী নূরজাহান বেগম বলেন, টানাপোড়েনের সংসারে ভাতা না পেলে কত কষ্ট হয়, তা বলে বোঝান যাবে না।
জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী মিজানুর রহমান জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবের চিঠিতে গরমিল থাকায় তিন মাসে বরগুনায় কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগের কিছু অতিরিক্ত অর্থ তাঁদের কাছে জমা ছিল। সেই অর্থ দিয়ে জেলার অন্যান্য উপজেলার মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা বিতরণ করা হয়েছে। ওই অর্থ থেকে এ উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য কোনো অর্থ তাঁরা দিতে পারেননি।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা এরই মধ্যে চিঠি দিয়েছি।’