চলতি বছর সরকারি হওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০০টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৩ জন শিক্ষক তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। একই সঙ্গে এসব শিক্ষক সম্প্রতি সরকারঘোষিত মহার্ঘ ভাতাও পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।
কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে তাঁরা সর্বশেষ আগস্ট মাসের বেতন-ভাতা পান। এরপর ঈদুল আজহাসহ তিন মাস পার হয়ে গেছে বেতন-ভাতার কোনো খবর পাওয়া যায়নি। শুধু মাসিক বেতন-ভাতাই নয় সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ মহার্ঘ ভাতাও তাঁরা পাননি। এমনকি এ ভাতা তাঁরা কত দিনে পাবেন, তাও জানাতে পারছে না উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বেতনের বরাদ্দ অনুমোদন হয়ে না আসায় এসব শিক্ষকের বেতন দেওয়া যাচ্ছে না।
পৌরসভার ধানগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু কুমার দত্ত জানান, তিন মাস ধরে বেতন-ভাতা না পেয়ে বড় কষ্টে দিন কাটাতে হচ্ছে।
ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এছারুদ্দিন বলেন, ‘তিন মাস হলো বেতন পাই না। কিন্তু পাওনাদারেরা তা বুঝতে চান না। তাঁরা সব সময় টাকার তাগাদা দিচ্ছেন।’
উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বেতন না পাওয়ায় ধার-দেনা করে চলতে হচ্ছে।
তিন মাস ধরে বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, শিক্ষকদের বেতন-ভাতার বরাদ্দ মন্ত্রণালয় অনুমোদন করার পর মহাপরিচালকের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো না আসায় নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। তবে অল্প কিছুদিনের মধ্যে তাঁরা বেতন-ভাতা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।