তিন মাস ধরে সাত দিনের বর্ডার পাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা তিন মাস ধরে মিয়ানমার যেতে পারছেন না। ফলে সেখানে আটকে পড়া কোটি কোটি টাকার মালামালও আনা সম্ভব হচ্ছে না। মিয়ানমার থেকে পণ্য আমদানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের ছিদ্দিকী বলেন, গত ৮ জুন সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে নাসাকা বাহিনী অঘোষিতভাবে বর্ডার পাস বন্ধ করে দিয়েছে। এর সত্যতা নিশ্চিত করে স্থলবন্দরের কাস্টমস সুপার আবুল হোসাইন বলেন, দাঙ্গার আগে প্রতি মাসে মিয়ানমার থেকে আমদানি পণ্যের বিপরীতে সরকার রাজস্ব আয় করেছে গড়ে সাত কোটি টাকা। গত আগস্ট মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজস্ব আয় আরও কমে যেতে পারে। এতে সীমান্ত-বাণিজ্য অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) দিদার হোসেন বলেন, গত জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ী মিয়ানমারে গিয়ে কয়েক কোটি টাকার মালামাল ক্রয় করেন। কিন্তু দাঙ্গার কারণে তিন মাস ধরে ওই মালামাল আনা সম্ভব হচ্ছে না। টেকনাফ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গত বুধবার মিয়ানমারে অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-নাসাকা) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে মিয়ানমারে জরুরি অবস্থা চলছে। পরিস্থিতি শিথিল হলে বর্ডার পাস চালু হবে। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বন্দর পরিচালনার দায়িত্বরত বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল মোহাইমেন বলেন, এখন প্রতি সপ্তাহে দুই-একটি করে মাছ ও কাঠভর্তি কার্গো ট্রলার মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ আসছে। কিন্তু গত তিন মাস ধরে মাষকলাই, আদা, মরিচ, রসুন, হলুদ, বরই, সুপারি, বাঁশ, শুঁটকি, আচার, ডালসহ অন্যান্য পণ্য আমদানি বন্ধ রয়েছে।