তিন মাস না যেতেই কালভার্টে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শেষ হওয়ার তিন মাস না যেতেই কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আজম সড়কের তাবলেরচর এলাকার কালভার্টটি ধসে পড়েছে। চলতি বছরের আগস্ট মাসে এই কালভার্টটির নির্মাণকাজ শেষ হয়। ১০ নভেম্বর এটি ধসে পড়ে। এতে এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে এলাকার ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, আজম সড়কের আলী আকবর ডেইল ইউনিয়নে ফতেহ আলী সিকদারপাড়া থেকে তাবলেরচর বাজার পর্যন্ত দুটি কালভার্ট ভাঙা ছিল। ২০০৯-১০ অর্থবছরে তাবলেরচর ও ঘাটকুলপাড়া এলাকায় দুটি কালভার্ট তৈরির জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত আগস্ট মাসে তাবলেরচর এলাকার মূল কালভার্টের কাজ শেষ করার পর ঠিকাদার চলে যান।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আজম সড়কের তাবলেরচর এলাকায় কালভার্টটি নির্মাণ করা হয়। তাবলেরচর এলাকার ২০ হাজার মানুষ এই সড়ক দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু কালভার্ট ধসে পড়ায় এই এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। কালভার্ট নির্মাণের সময় মাটি পরীক্ষা করা হয়নি। এতে নির্মাণের এক মাসের মাথায় এটি ধসে পড়ে।সওজের কুতুবদিয়া উপজেলার কার্যসহকারী মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী জানান, আজম সড়কের তাবলেরচর এলাকায় কালভার্টটির নির্মাণকাজ উইং ওয়াল ছাড়া শেষ করেছেন। ১০ নভেম্বর দুপুরে জোয়ারের পানির চাপে নিচের অংশের মাটি সরে গিয়ে কালভার্টটি ধসে পড়ে দক্ষিণ পাশে কাত হয়ে গেছে।সওজের কুতুবদিয়া উপজেলার শাখা কর্মকর্তা আবদুল মোকালেব প্রথম আলোকে জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে কালভার্টটি ধসে পড়েছে। বর্তমানে ওপরে মাটি দিয়ে ভরাট করে জনগণের চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।