তিন মাস না যেতেই ফের বিকল ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে আট কোটি টাকা ব্যয়ে মেরামত করার তিন মাস যেতে না যেতেই বড় ধরনের মেরামতের জন্য ফেরি শাহ পরানকে গত মঙ্গলবার আবারও ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ফেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রোপেলার শেফ ও বুশ ক্ষয়ে যাওয়ায় গত সোমবার ফেরিটি বিকল হয়ে পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি রো রো ফেরি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত বছরের শুরুর দিকে শাহ পরান ফেরিটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় সাড়ে আট কোটি টাকায় চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান ফেরিটি মেরামত করে। মেরামত শেষে কর্ণফুলী শিপ বিল্ডার্স ১৭ এপ্রিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে ফেরিটি হস্তান্তর করে। সংস্থার নিজস্ব কারিগরি প্রতিষ্ঠান পাটুরিয়ার ভাসমান কারখানা ‘মধুমতি’র দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এনামুল হক বলেন, ‘ফেরির গায়ে ধাক্কা খেয়ে প্রোপেলারটি ঘুরত। এভাবে তিন মাসেই প্রোপেলার শেপ ও বুশ (যার সাহায্যে পাখা ঘোরে) ক্ষয়ে যায়। গত সোমবার ফেরিটি বিকল হয়ে পড়ে। ফেরিটি ‘মধুমতি’ কারখানায় মেরামত করা সম্ভব হয়নি। ফলে বড় ধরনের মেরামতের জন্য গত মঙ্গলবার নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিসির নিজস্ব ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।’ বিআইডব্লিউটিসির আরিচার উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, ফেরিটি বুঝে নেওয়া হয় গত ১৭ এপ্রিল এবং পাটুরিয়ায় যানবাহন পারাপারে যুক্ত করা হয় ৩০ এপ্রিল। কিন্তু চালুর কয়েক ঘণ্টা পর পয়লা মে ভোর পাঁচটার দিকে ফেরিটি বিকল হয়ে পড়ে। কোনো মেরামত ছাড়া ১২ ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটায় ত্রুটিযুক্ত ফেরিটি দিয়েই ফের যানবাহন পারাপার শুরু করা হয়। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৩ মে বেলা তিনটায় ফেরিটি আবার বিকল হয়ে পড়লে পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসি এবং ফেরির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, বিদেশ থেকে নতুন প্রোপেলার এনে লাগাতে তিন থেকে পাঁচ কোটি টাকা খরচ হয়। পুরোনো একটি প্রোপেলার মেরামত করে শাহ পরানে লাগানোর কারণেই ফেরিটি বিকল হয়ে গেছে। তাঁরা অভিযোগ করেন, পুনর্বাসনের নামে কোটি কোটি টাকা লুটপাটের কারণেই ফেরিগুলো ঠিকভাবে মেরামত হচ্ছে না। এ কারণে মেরামতের পরও তা বারবার বিকল হয়ে পড়ছে। শাহ পরান ফেরিটি কর্ণফুলী শিপ বিল্ডার্সের প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) ইমরুল হাসানের তত্ত্বাবধানে মেরামত করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা কাজ করে দিয়েছি। এর বাইরে কোনো সমস্যা দেখা দিলে তার জন্য আমরা দায়ী নই।’ ফেরিটি বিকল হওয়া প্রসঙ্গে বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী নিরঞ্জন কুমার পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘পুনর্বাসন শেষে ফেরিটি চালুর পর সামান্য কিছু ত্রুটি ধরা পড়ে। ফেরিস্বল্পতার কারণে তখন মেরামত করা সম্ভব হয়নি। সুযোগ বুঝে এখন মেরামতে পাঠানো হয়েছে।’