তিন মাস পর আসামির লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় অ্যাডভোকেট গিয়াস উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার পারসাতুরিয়া গ্রামের নাজমুল হক মুরাদের লাশ দাফনের তিন মাস পর গতকাল সোমবার উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে লাশ শনাক্তের জন্য প্রশাসনের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পারসাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গতকাল সকালে মুরাদের লাশ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল ইসলাম সরকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা ও ডিবি পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।গত ২৭ এপ্রিল ঢাকার তুরাগ নদীর তীর থেকে মুরাদ ছাড়াও মিজান জমাদ্দার ও ফোরকান নামের আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে গত ২৯ এপ্রিল নিহত মিজানকে রাজাপুরের সাতুরিয়ায় এবং মুরাদকে কাউখালীরপারসাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, অধিকতর তদন্তের স্বার্থে মুরাদ ও মিজানের লাশ উত্তোলন করে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য অনুমতি চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম এনামুল হকের আদালতে আবেদন করা হয়েছিল। গত ৫ জুলাই আদালত লাশ উত্তোলনের অনুমতি দেন। তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) মিজানের লাশ উত্তোলন করা হবে।