প্রায় তিন মাস বিকল থাকার পর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া টেলিফোন এক্সচেঞ্জটি গত সোমবার চালু করা হয়েছে। তবে মাত্র ৭৮ জন গ্রাহককে সংযোগ দিলেও তাঁরা কল আদান-প্রদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। আর ইন্টারনেট-সেবা
চালুই হয়নি।
এক্সচেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ২০০৬ সালে নওয়াপাড়া ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপিত হয়। এর আওতায় গ্রাহক রয়েছেন ৭৭৬ জন। এক্সচেঞ্জটিতে দুটি বিভাগ (ভয়েস ও ডেটা) ছিল। এর মেয়াদ ছিল ২০১১ সাল পর্যন্ত। কিন্তু এক্সচেঞ্জটি পরিবর্তন না করায় এর সক্ষমতা কমতে থাকে। গত বছরের জুনে এক্সচেঞ্জটিতে ত্রুটি দেখা দেয়। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি এক্সচেঞ্জটি বিকল হয়ে যায়। ফলে টেলিযোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়। তবে ডেটা বিভাগটি কার্যকর থাকায় ইন্টারনেট চালু ছিল। যদিও গতি ছিল একেবারেই কম।
পুরোনো এক্সচেঞ্জটি বাদ দিয়ে সম্প্রতি নতুন এক্সচেঞ্জ বসানো হয়েছে। গত সোমবার নতুন এক্সচেঞ্জটি ঘটা করে চালু করা হয়। তবে এর ভয়েস বিভাগ চালু হলেও ডেটা বিভাগটি চালু করা হয়নি।
নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী শামীম-উল-হাসান বলেন, ‘নতুন এক্সচেঞ্জ বসালেও অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে। অনেক গ্রাহক টেলিফোন সেট খুলে রেখেছেন। অনেকের সেটে সমস্যা আছে। আমরা নিশ্চিত হয়ে তবেই সংযোগ দিচ্ছি। এ পর্যন্ত ৭৮ জন গ্রাহককে আমরা সংযোগ দিয়েছি।’ এই গ্রাহকেরা ডায়াল টোন পাচ্ছেন এবং কথাও বলতে পারছেন বলে দাবি করেন তিনি।
তবে গ্রাহকেরা বলছেন, ডায়াল টোন এলেও কল আদান-প্রদান কোনোটাই করা যাচ্ছে না। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় সার বিপণনকেন্দ্র নওয়াপাড়ার ব্যবসায়ীদের বিড়ম্বনা কমেনি। নওয়াপাড়ায় ১৩টি ব্যাংক, ৫টি পাটকল, ৪টি সিমেন্ট মিল, ২টি সুতাকল, ২টি মিশ্র সারের কারখানা, ৩টি অটো রাইস মিল, ১টি অয়েল মিলসহ দুই শতাধিক ছোট শিল্প কলকারখানা আছে।
সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক কাজী মো. বদরুজ্জামান বলেন, গত বুধবার থেকে টেলিফোনে ডায়াল টোন এসেছে। কিন্তু কোনো কল করা যাচ্ছে না, কোনো কল আসছেও না।
নওয়াপাড়ার সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আবির এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলাম বলেন, ‘প্রায় তিন মাস হতে চলল টেলিফোন বিকল হয়ে আছে। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। শুনেছি নতুন এক্সচেঞ্জ চালু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমার টেলিফোন সচল হয়নি।’
টেলিফোন নিয়ে ভোগান্তির পাশাপাশি ডেটা বিভাগটি চালু না হওয়ায় ইন্টারনেট-সেবা বন্ধ আছে। এতে গ্রাহকদের চরম অসুবিধা হচ্ছে। তবে এক্সচেঞ্জ কার্যালয় বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই সব সমস্যা কেটে যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) যশোর কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) বেনজুর রহমান বলেন, ‘নতুন এক্সচেঞ্জ চালু হলেও কিছু সমস্যা আছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। আগামী ১০-১৫ দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’