নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির তিন মাসেও পরিচয় মেলেনি। অবশেষে গতকাল বুধবার দুপুরে তার লাশ বেওয়ারিশ হিসেবে নগরীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক গতকাল বুধবার রাতে বলেন, মর্গে পড়ে থাকা শিশুটির তিন মাসেও কোনো অভিভাবক পাওয়া যায়নি। তাই লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের জন্য ব্যবস্থা করা হয়েছে। মর্গ সূত্র জানায়, গতকাল দুপুরে আঞ্জুমান মুফিদুল ইসলাম জুরাইন কবরস্থানে লাশ দাফন করে।
গত ৩ আগস্ট গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে নার্সিং কলেজের পাশে পড়ে থাকা একটি বড় আকারের কাপড়ের ব্যাগে আনুমানিক আট বছরের ওই শিশুটির লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের পর লাশটি মর্গের হিমঘরে রাখা হয়। শিশুটির পরিচয় জানতে শাহবাগ থানা-পুলিশ রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠায়।
পুলিশ জানায়, শিশুটিকে নির্যাতন করে হত্যার পর কে বা কারা লাশ ব্যাগে ভরে ফেলে রেখে যায়। লাশের মাথা, পিঠ, দুই হাত, কবজি, দুই পা, চোয়াল, আঙুল এবং ঘাড়ে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন। পিঠ ও পায়ে ঘা হয়েছিল। হাতের আঙুলে নির্যাতনের ফলে দাগ পড়ে গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, শরীরের কিছু দাগ পুরোনো। তাকে আগে থেকেই নির্যাতন করা হতো।