তিন মাস পরও আবেদনপত্র নেওয়া শুরু হয়নি, হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তিন মাস পরও এতে নন-ক্যাডার পদের জন্য রাখা প্রার্থীদের আবেদনপত্র নেওয়াই শুরু হয়নি। এতে ওই প্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন। এমন প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৩৩৯।
অবশ্য সরকারি কর্মকমিশন (পিএসসি) বলছে, বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ করতে এবার অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনো এ-সংক্রান্ত কাজ শেষ করতে না পারায় আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে না।
গত ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয় এবং পদ-স্বল্পতার কারণে সুপারিশ করা যায়নি এমন ৩ হাজার ৩৫৯ জনকে নন-ক্যাডারের জন্য রাখা হয়। তাঁদের মধ্যে শতাধিক প্রার্থী প্রথম আলোকে বলেন, ৩৪তম বিসিএস থেকে ২ হাজার ২৫৯ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। জনপ্রশাসনের ৪০ থেকে ৫০ হাজার পদ শূন্য থাকায় ৩৫তম বিসিএসে উত্তীর্ণ সবাই চাকরি পাওয়ার আশা করছেন। অথচ তিন মাস পরও পিএসসি বিজ্ঞপ্তিই প্রকাশ করেনি।
২০১০ সাল থেকে বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ জন্য ওই বছরের ১০ মে নন-ক্যাডার বিধিমালা, ২০১০ জারি করা হয়। এতে বলা হয়েছে, শূন্য পদের ৫০ শতাংশ বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। ২০১৪ সালে এই বিধি সংশোধন করে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদের পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদেও নিয়োগের ব্যবস্থা রাখা হয়। তবে পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত আগের বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ চলে। তাই ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলে ৩৫তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা আর নিয়োগ পাবেন না।
৩৫তম বিসিএসের নন-ক্যাডারের প্রার্থীরা বলেন, ইতিমধ্যে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সামনেই মৌখিক পরীক্ষা। কাজেই পিএসসির উচিত দ্রুত ৩৫তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা।
তবে পিএসসি সূত্র বলেছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের চাহিদাপত্র আসা শুরু হয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত সমাজসেবা কর্মকর্তার ২০০টিসহ প্রথম শ্রেণির ৩৪৩টি এবং দ্বিতীয় শ্রেণির ৮৮ জন কর্মকর্তার চাহিদা এসেছে। শিগগিরই আবেদনপত্র আহ্বান করা হবে।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘১৭ আগস্ট ৩৫তম বিসিএসের ফল প্রকাশের পর ৩০ আগস্টই আমরা সব মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্য পদের তালিকা চেয়েছি। ইতিমধ্যে এ দুই শ্রেণি মিলিয়ে প্রায় ৭০০ চাহিদা পাওয়া গেছে। তবে এবার আমরা আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে করতে চাই। তাতে একজন প্রার্থী প্রথম শ্রেণির নাকি দ্বিতীয় শ্রেণির চাকরি করতে চান, সেই তথ্য দেবেন। এ ছাড়া বর্তমানে তিনি কোনো চাকরিতে আছেন কি না, সেটিও উল্লেখ করবেন। এই আবেদনপ্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে টেলিটককে। কিন্তু তারা এত দিনেও ওই কাজ শেষ করতে পারেনি। ফলে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে না। তবে আমরা শিগগিরই সেটা করতে পারব বলে আশা করছি।’
বিলম্বের কারণ জানতে চাইলে টেলিটকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মামুন প্রথম আলোকে বলেন, ‘মাস খানেক আগেই এই সফটওয়্যার তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পিএসসি আবারও কিছু পর্যবেক্ষণ দেয়। সেগুলো আবার যুক্ত করতে হয়। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তবে আমাদের কাজ মোটামুটি শেষ। আশা করছি, চলতি সপ্তাহে পিএসসিকে সেটি দিয়ে দিতে পারব।’