তিন মাস বিচারক নেই ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়বিচারের আশায় মামলার প্রতিটি ধার্য দিনে এজলাসে উপস্থিত থাকেন চট্টগ্রামের পটিয়ার মো. ইদ্রিস। তাঁর কিশোর ছেলেকে ২০১৪ সালের ১৯ জানুয়ারি অপহরণের পর হত্যা করা হয়। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলার বিচার চলছে। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। গত তিন মাসে মামলার চারটি ধার্য দিনে বাদী মো. ইদ্রিস যথারীতি পটিয়া থেকে ট্রাইব্যুনালে এসেছিলেন। কিন্তু বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

গত ১৩ জুলাই থেকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ বিচারক নেই। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। এই ট্রাইব্যুনালে প্রায় সাড়ে তিন হাজার মামলা রয়েছে। চট্টগ্রাম জেলার পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর, মিরসরাই, সন্দ্বীপ ও জোরারগঞ্জ থানার এবং নগরের পাহাড়তলী, আকবরশাহ, খুলশী ও বাকলিয়া থানার বাসিন্দারা এই ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এখন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ ট্রাইব্যুনাল-২-এ মামলার সংখ্যা হাজারের ওপরে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে তিনটি। এর মধ্যে ট্রাইব্যুনাল-২-এর বিচারকও ১৫ দিনের ছুটিতে রয়েছেন। এখন ২ ও ৩—দুটি ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক। প্রতিটি ট্রাইব্যুনালেই হাজারের বেশি মামলা রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত বিচারকের নিজ ট্রাইব্যুনালেই হাজারের বেশি মামলা রয়েছে। তাঁর পক্ষে অন্য ট্রাইব্যুনালের মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি করা অসম্ভব। ট্রাইব্যুনাল-৩-এর বিভিন্ন মামলার ধার্য দিনে তিনি কেবল পরবর্তী তারিখ ঘোষণা করছেন। কিন্তু ঘোষিত তারিখে তাঁর পক্ষে সাক্ষ্য গ্রহণ বা শুনানি করা সম্ভব হয়ে ওঠে না। তাই প্রতিটি ধার্য দিনে বিভিন্ন মামলার সাক্ষী ও বাদীকে ফেরত যেতে হচ্ছে।

পটিয়ায় ছেলে হত্যা মামলার বাদী মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, মামলার ১৭ সাক্ষীর মধ্যে মাত্র একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারক না থাকায় গত তিন মাস আর কোনো সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। তাঁরা ধার্য দিনে এসে ফেরত গেছেন। তিনি দ্রুত ছেলে হত্যার বিচার শেষ করার দাবি জানান।

সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই এই ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) দিলীপ কুমার দেবনাথ বদলি হয়ে যান। এরপর এখানে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। এই ট্রাইব্যুনালে তিন হাজার মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।