ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ৬১ কোটি টাকার চিনি বিক্রি না হওয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী। তাঁদের বেতন-বোনাস আর কৃষকের আখ বিক্রির টাকা মিলিয়ে পাওনা হয়েছে ছয় কোটি টাকা।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, চিনি বিক্রি না হওয়ায় বেতন-বোনাস ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না। খুচরা পর্যায়ে ডিলারের মাধ্যমে ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত তাঁরা শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করতে পারবেন।
চিনিকল সূত্রে জানা যায়, চিনিকলের গুদামে ১৬ হাজার ৭৫৪ দশমিক ৬৫ মেট্রিক টন চিনি বিক্রির অভাবে পড়ে আছে। এই চিনি বিক্রি হলে আয় হতো ৬১ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৫০ টাকা। কিন্তু চিনি বিক্রি না হওয়ায় আয় হচ্ছে না।
চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ওরফে নবী বলেন, বর্তমানে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী এখানে কাজ করছেন; যাঁদের মে, জুন ও জুলাই মাসের বেতন বাবদ পাওনা হবে ২ কোটি ৬১ লাখ টাকা। এ ছাড়া বোনাস, কারখানা ও কৃষি বিভাগের অধিকাল ভাতা এবং কৃষকের আখের মূল্য বাবদ চিনিকলের কাছে আরও পাওনা রয়েছে ৩ কোটি ৪৫ লাখ টাকা। এই টাকার জন্য তাঁরা চিনিকলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
চিনিকলের একাধিক শ্রমিক বলেন, গত মে মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। আর কিছুদিন পর টানা তিন মাসের বেতন পাওনা হবে তাঁদের। অথচ এক মাসের বেতন না হলে তাঁদের বাজার হয় না। গত তিনটি মাস তাঁরা ধারদেনা করে চলছেন।
মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক মনিরুল ইসলাম বলেন, প্রথম মাসে ধার করে সংসার চালিয়েছেন। বাকিতে মালামাল নিয়েছেন। কথা ছিল, পরের মাসে বেতন পেলে ধার পরিশোধ করবেন। কিন্তু এখন ধার চাওয়াও যাচ্ছে না। দোকানে বাকি চাইতেও পারছেন না।
শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘সন্তানের গৃহশিক্ষকের টাকা দিতে না পারায় পড়ানো বন্ধ করে দিয়েছি। সামনে ঈদ। বেতন-বোনাস না পেলে কারও ঈদ হবে না।’
চিনিকলে আখ বিক্রি করেছেন এমন এক কৃষক নজরুল ইসলাম বলেন, গত মার্চ মাসে তিনি এই চিনিকলে আখ বিক্রি করেন। এখনো তাঁর আট হাজার টাকা পাওনা রয়েছে। এর আগে সামান্য কিছু টাকা পেয়েছিলেন, যা দিয়ে শ্রমিকদের পাওনা মিটিয়েছেন। এখন নিজের প্রয়োজনে টাকা খুব দরকার।