তিন মাস বেতন ভাতাহীন শ্রমিক কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে গত চার বছর ধরে ভারী হয়ে চলেছে অবিক্রীত চিনির বোঝা। গত তিন মাস ধরে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। মিলে উৎপাদিত চিনি বিক্রির ক্ষেত্রে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা।
চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন বলেন, এ মিলটি জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান। ১৯৩৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় সাড়ে আট শ শ্রমিক-কর্মচারী আছেন। গত বছর দুয়েক ধরেই তাঁরা অনিয়মিতভাবে বেতন-ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত তিন মাস ধরে তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শ্রমিক, কর্মচারীরা অভিযোগ করেন, এর আগে বাংলাদেশ সুগার মিলস করপোরেশন সদর দপ্তর থেকেই এখানকার কর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হতো। কিন্তু ২০১৫ সালের জানুয়ারিতে শেষবারের মতো ৫০ লাখ টাকা দেয় করপোরেশন। ওই টাকা আর চিনি মিলিয়ে জানুয়ারির বেতন-ভাতা মেটানো হয়। তারপর থেকে শুধু চিনি দেওয়া হচ্ছিল। গত জুন থেকে তা-ও বন্ধ।
সূত্রটি আরও জানায়, টাকার পরিবর্তে পাওয়া চিনি বিক্রি করতে আর্থিক ক্ষতি ও চরম বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের।
চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, প্রতি মাসে মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা দরকার। কিন্তু টাকার বিপরীতে চিনি নিতে গিয়ে তাঁরা মাসে ১০ থেকে ১২ লাখ টাকা বঞ্চিত হচ্ছিলেন। গত তিন মাস যাবৎ তা-ও পাচ্ছেন না।
চিনিকল সূত্রে জানা গেছে, বর্তমানে মিলের গুদামে গত চার বছরের ৬ হাজার ৮০২ দশমিক ২৫ মেট্রিক টন অবিক্রীত চিনি পড়ে আছে। এ চিনির বর্তমান বাজারমূল্য ২৫ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২৫০ টাকা। বাংলাদেশ সুগার করপোরেশন এ চিনি বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না। মজুত থাকতে থাকতে এ চিনি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে কর্মকর্তা ও কর্মচারীরা জানান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহ বলেন, কেবল শ্রমিক-কর্মচারীরাই নয়। কর্মকর্তারা এমনকি তিনি নিজেও বেতন-ভাতা বাবদ নগদ টাকার পরিবর্তে চিনি নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, দেশি শিল্প রক্ষায় সরকারের উচিত চিনিকলগুলোর উৎপাদিত চিনি বিক্রির কার্যকরী উদ্যোগ নেওয়া। বেসরকারি পর্যায়ে অবাধ চিনি আমদানি নিয়ন্ত্রিত করা। বাজারে দেশি চিনির চাহিদা আছে। কিন্তু দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনির চেয়ে বাজারে আমদানি করা চিনির দাম কম হওয়ায় দেশীয় চিনি মার খাচ্ছে।