তিন মাস ভোগান্তির পর ভিজিডির সহায়তা পাচ্ছেন দুস্থরা
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে তিন মাস বন্ধ থাকার পর গত রোববার থেকে দুস্থদের মাঝে ভিজিডি সহায়তা দেওয়া শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়াবাড়িতে বিরক্ত হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উপজেলা কমিটিতে দুস্থদের তালিকা না পাঠানোয় ইউনিয়নটিতে সহায়তা দেওয়া বন্ধ ছিল।
নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীকুণ্ডা ইউপির চার-পাঁচজন সদস্য বলেন, এই ভিজিডি কার্যক্রম বাস্তবায়নে উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার দুস্থ নারীদের তালিকা উপজেলা কমিটিতে জমা দেন। কিন্তু লক্ষ্মীকুণ্ডায় বাদ সাধেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা। তাঁদের পছন্দের লোকজনের নাম তালিকায় ঢোকাতে তাঁরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা দুস্থদের নামের তালিকা পাঠানোই বন্ধ রাখেন। এদিকে উপজেলার বাকি ছয় ইউনিয়নে গত জানুয়ারি থেকেই এ কর্মসূচির অধীনে দুস্থদের মধ্যে সহায়তা কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু তালিকা না পাঠানোয় লক্ষ্মীকুণ্ডার দুস্থরা এ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে গত রোববার থেকে ভিজিডি সহায়তা প্রদান শুরু হয়।
অভিযোগের ব্যাপারে নজরুল ইসলাম বলেন, তিনি সরকারি দলের একজন নেতা। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পছন্দের মানুষদের উপকার করতে চান বলেই ভিজিডি কর্মসূচিতে নিজের জানাশোনা দুস্থদের নাম তালিকায় রাখতে প্রস্তাব করেন।
স্থানীয় মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের দুস্থ নারীদের প্রতি মাসে মাথাপিছু ৩০ কেজি গম বা সমমূল্যের চাল দেওয়া হয়। প্রতি ইউনিয়নে ২০০ নারীকে ভিজিডি কার্ডের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
ইউপি সদস্য সফুরা খাতুন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের তালিকা বাতিল করে নিজের দেওয়া নাম অন্তর্ভুক্তির চেষ্টা করেন। এতে আমরা অনেকেই রাগ করে আর দুস্থদের নাম জমা দিইনি। ফলে তালিকায় অধিকাংশই আওয়ামী লীগ নেতাদের পছন্দের নাম ঠাঁই পেয়েছে।’
চেয়ারম্যান আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি নিজেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ঘটনা মীমাংসা হয়ে যাওয়ায় এ বিষয়ে তিনি আর কোনো কিছু বলতে অপারগতা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতার দ্বন্দ্বের কারণে তিন মাস ভিজিডি বন্ধ ছিল। সম্প্রতি তিনি একটি কমিটি করেছেন। সেই কমিটির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হচ্ছে। তবে যে তিন মাস দুস্থরা বঞ্চিত ছিলেন সেই সময়কার গম বা চালও যাতে তাঁরা পান সে জন্য প্রশাসনের উচ্চপর্যায়ে তিনি যোগাযোগ করবেন বলে জানান।