তিন মাস যন্ত্রণা ভোগের পর দেশে ফিরল কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বেতনের চাকরির আশায় সমুদ্রপথে মালয়েশিয়ায় রওনা হয়েছিল বাংলাদেশি এক কিশোর। মালয়েশিয়া পৌঁছেছে ঠিকই কিন্তু আর চাকরি জোটেনি। অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক হওয়ার পর থাকতে হয়েছে বন্দিশিবিরে। তিন মাস অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর ওই হতভাগ্য কিশোর দেশে ফিরেছে। গত বুধবার রাত ১১টায় রেড ক্রিসেন্টের ব্রাহ্মণবাড়িয়া শাখার মাধ্যমে তাঁকে তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
ওই কিশোরের নাম বাছির মিয়া (১৭)। হবিগঞ্জের লাখাই উপজেলার বোল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের খেলু মিয়ার ছেলে। গত ১৫ মার্চ আদম আলী নামের এক দালালের খপ্পরে পড়ে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমায় সে। মালয়েশিয়া যাওয়ার জন্য সে প্রতিবেশী ওই দালালকে ১ লাখ ৯০ হাজার টাকা দেয়।
বাছিরকে ফেরত পেয়ে তার মামা আক্তারুজ্জামান বলেন, দালালদের খপ্পরে পড়ে এমন করুণ পরিণতির শিকার যেন আর কাউকে না হতে হয়। তিনি আরও বলেন, সরকারের এসব পাচারকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
বাছিরের পারিবারিক ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ আদম আলীর সঙ্গে বাড়ি থেকে রওনা হয় বাছির। ১৭ মার্চ আদম আলী কক্সবাজারের টেকনাফের স্থানীয় এক দালালের হাতে তুলে দেয় বাছিরকে। ওই দিন রাতেই অবৈধভাবে সাগরপথে ট্রলারে বাছির মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। ওই ট্রলারে আরও ৩০০ লোক ছিল। ট্রলারে থাকার সময় দালালেরা তাঁদেরকে বেশির ভাগ সময়ই খাবার দিত না। খাবার না দেওয়ার অসুস্থ হয়ে ট্রলারেই ৬২ জন মারা যায়। এরপর মিয়ানমার সাগরের মাঝখানে নিয়ে তাদেরকে বেশ কয়েক দিন আটকে রাখে দালালেরা। একপর্যায়ে দালালেরা তাদেরকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। পরে তারা মালয়েশিয়া পৌঁছায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ার নৌ পুলিশ বাছিরসহ বাকিদের দুই মাস বন্দিশিবিরে আটকে রাখে। বয়স ১৭ হওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস ও মালয়েশিয়ান রেড ক্রিসেন্টের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে বাংলাদেশে পৌঁছার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বাছিরকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ সময় বাছির তাঁদের কাছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আক্তারুজ্জামান তাঁর মামা বলে জানায়। বিমানবন্দর থেকে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ তাকে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। গত বুধবার রাতে সংস্থার কর্মকর্তারা বাছিরকে তার মামার কাছে হস্তান্তর করে। বাছিরের পরিবার সূত্রে জানা গেছে, অভাবের কারণে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি সে। ভাগ্য বদল করতে ধারদেনা করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয় সে।
বাছির মিয়া বলে, প্রায় দুই মাস মালেশিয়ার বন্দিশিবিরে আটক ছিল সে। দেশে জীবিত ফিরে আসতে পারার আশা ছেড়ে দিয়েছিল সে। ব্রাহ্মণবাড়িয়ার রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আল-মামুন সরকার বলেন, বয়স অল্প হওয়ায় এই ছেলেটিকে মালয়েশিয়া রেড ক্রিসেন্টের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়।