
সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর মেজর (অব.) জাহিদুল ইসলাম চাকরি নিয়েছিলেন ঢাকার ইংরেজি মাধ্যম স্কুল লেকহেড গ্রামার স্কুলে। মাস তিনেক পর সেই চাকরিও ছেড়ে দেন।
স্কুল কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানায়, লেকহেড গ্রামার স্কুলে যেকোনো নিয়োগের সময় বিডিজবসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মেজর (অব.) জাহিদকে চাকরি দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত অপর এক মেজরের সুপারিশে। এ ক্ষেত্রে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
সুপারিশকারী ওই অবসরপ্রাপ্ত মেজরের নাম কী, তিনি কেন স্কুল কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি ওই সূত্র। গতকাল একটি গোয়েন্দা সংস্থার লোকজন ওই স্কুলে গিয়ে জাহিদের চাকরি-সংক্রান্ত তথ্য ও নথিপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার লেকহেড ইন্টারন্যাশনাল স্কুলে যোগাযোগ করা হলে উপস্থিত শিক্ষকদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যে সূত্রটি জাহিদের চাকরি-সংক্রান্ত তথ্য দিয়েছে, সেই সূত্র জানায়, মেজর (অব.) জাহিদ গত বছরের ডিসেম্বরে লেকহেড গ্রামার স্কুলে চাকরি নেন। তিনি স্কুলের তিনটি শাখারই (বনানী, মোহাম্মদপুর ও ধানমন্ডি) প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এরপর চলতি বছরের মার্চে তিনি চাকরি ছেড়ে দেন। তখন সহকর্মীদের বলেছিলেন, তাঁকে দেশের বাইরে যেতে হবে, কিছু ব্যবসা-বাণিজ্যও আছে। স্কুলের কাজে ব্যস্ত থাকায় তিনি তাঁর কাজগুলো করে উঠতে পারছেন না।
অবশ্য স্কুলের চাকরি ছাড়ার পর জাহিদ আর কোথায় ছিলেন এবং গত বছরের জুলাইয়ে সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর লেকহেড স্কুলে যোগ দেওয়ার আগের ছয় মাস তাঁর তৎপরতা সম্পর্কে কিছু জানা যায়নি। একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মি হাউজিং স্কিম প্রকল্পে জাহিদের একটি প্লট আছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হওয়ার পর তাঁর আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। তদন্তের প্রয়োজনে যা যা তথ্য সংগ্রহ করার দরকার, তিনি তা করবেন।
স্ত্রী নিখোঁজ: গতকাল পর্যন্ত নিহত মেজর (অব.) জাহিদের স্ত্রী জেবুন্নাহার ইসলামের খোঁজ পায়নি পুলিশ ও পরিবার। রোববার রাতে জেবুন্নাহারের বাবা মমিনুল হক, মা জোহরা আক্তার ও ভাই শহীদুল হকের সঙ্গে কথা বলে পুলিশ।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কুমিল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক মমিনুল হক খুব আফসোস করছিলেন। তিনি বলেন, তাঁর মেয়েজামাই জাহিদ মেধাবী কর্মকর্তা ছিলেন। তিনি জাহিদের চাকরি ছাড়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। চাকরি না ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন মমিনুল হক। কিন্তু জাহিদ কিছু অজুহাত দেখিয়ে অনুরোধ শোনেননি।
মমিনুল হক পুলিশকে জানান, ২০০৫ সালে যখন মেয়ের সঙ্গে বিয়ে হয়, তখন জাহিদ ছিলেন ক্যাপ্টেন। ২০১১ সালে কঙ্গোতে মিশনে যান। ২০১৪ সালে কানাডায় একটি কোর্সে অংশ নেন। কানাডা থেকে ফেরার পর তাঁর মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। তিনি জানান, গত ২৮ এপ্রিল মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) দিয়ে তাঁর মেয়ে জেবুন্নাহার জানান, তাঁরা বিদেশে চলে যাচ্ছেন। তাঁদের যেন আর না খোঁজা হয়।
জাহিদের অসুস্থ বাবা ও মা এখন ঢাকায় ছোট ভাইয়ের বাসায় আছেন। জাহিদের ছোট ভাই জহিরুল ইসলাম একটি ইলেকট্রনিকস কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর ভাবি জেবুন্নাহার ও তাঁর দুই মেয়ের কোনো খোঁজ তাঁরা জানেন না।
জহিরুল প্রথম আলোকে বলেন, ‘এপ্রিল মাসে আমার ভাই বাড়িতে জানায় যে, সে স্ত্রী-সন্তানদের নিয়ে বিদেশে চলে যাচ্ছে। সবাই যেন তার জন্য দোয়া করে। এর আগ পর্যন্ত বাবা-মাকে টাকাপয়সা পাঠায়। এপ্রিলের পর থেকে ভাইয়া আর কোনো যোগাযোগ করেনি।’ তিনি বলেন, জাহিদ বরাবরই ধার্মিক ছিলেন। কিন্তু তিনি জঙ্গিবাদে জড়িয়েছিলেন, সেটা টের পাননি।
মামলা: মিরপুরের রূপনগরে পুলিশি অভিযানে জঙ্গি মেজর (অব.) জাহিদুল ইসলাম নিহত হওয়া এবং তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় রূপনগর থানায় মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় মানিক, ইকবাল, আকাশ, সাগরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁরা সবাই মিরপুরের রূপনগরে জাহিদের ভাড়া করা ওই বাসায় যাতায়াত করতেন বলে এজাহারে বলা হয়। ওই বাসা থেকে পিস্তল, চাকু, চাপাতি, গুলির খোসা, চাপাতি-চাকু ধার দেওয়ার রড এবং ৩১টি ধর্মীয় পুস্তিকা জব্দ করা হয়েছে। এ ছাড়া জাহিদের বাসায় মিরপুর স্টেডিয়ামের একটি মানচিত্র পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
অভিযানে অংশগ্রহণকারী একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মেজর (অব.) জাহিদ মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের ওই বাড়িতে ওঠার আগে একই এলাকার অন্য একটি বাড়িতে ছিলেন। দুই সপ্তাহ ধরে ধারাবাহিক অভিযানের পরও ওই বাসা পুলিশ খুঁজে পায়নি। ২৭ আগস্ট নারায়ণগঞ্জে অভিযানের পর ওই দিনই জাহিদ তাঁর স্ত্রী-কন্যাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কোথায় উঠেছেন, সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
সংশোধনী
গত ৩ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘রাজধানীর রূপনগর অভিযান, এক জঙ্গি নিহত ওসিসহ আহত ৩’ শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ মুহম্মদ মারুফ হাসানের পদবি ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ছাপা হয়েছিল। প্রকৃতপক্ষে তাঁর পদবি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.