তিন মাসে তিন হাজার লাইসেন্স দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন মাসের মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার উদ্যোক্তাকে আন্তর্জাতিক কল টার্মিনেশনের (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল—ভিওআইপি) লাইসেন্স দেবে সরকার। আগামী বাজেট অধিবেশনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০১০ পাস করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর পরীবাগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের সম্মেলন কক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।টেলিযোগাযোগমন্ত্রী বলেন, গত বুধবার ‘ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকম সার্ভিসেস’ (আইএলডিটিএস) নীতির গেজেট প্রকাশ করে প্রকৃতপক্ষে ভিওআইপি উন্মুক্ত করার ক্ষেত্র তৈরি করেছে সরকার।ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, অবৈধ ঘোষিত ভিওআইপি প্রযুক্তি ব্যবহারের জন্য যে দিকনির্দেশনা প্রয়োজন, ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সেটা করেছে। তবে তা আরও যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, খুব কম টাকায় এ লাইসেন্স দেওয়া হবে, যাতে যে কেউ চাইলেই ব্যবসাটি করতে পারেন। লাইসেন্স নেওয়ার পর মাত্র দুই থেকে পাঁচ লাখ টাকা খরচ করে ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করা যাবে।বারবার টেলিযোগাযোগ নীতি বদল হওয়া সম্পর্কে সচিব বলেন, এ ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগে প্রভাব পড়ে ঠিকই, তবে ২০০৭ সালের আইএলডিটিএস নীতি সঠিক ছিল না। সে কারণে তিন বছরের মাথায় তা পরিবর্তন করতে হলো। এ ছাড়া জরুরি অবস্থার মধ্যে মন্ত্রণালয়কে কিছু না জানিয়েই এ নীতি কার্যকর করা হয়েছিল।আর কোনো টেলিভিশন বন্ধ হবে না: বর্তমানে চালু থাকা টেলিভিশনগুলোর মধ্য থেকে আর কোনোটি বন্ধ হবে না বলে জানান টেলিযোগাযোগমন্ত্রী। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ওয়ান বন্ধ হওয়ার ধারাবাহিকতায় সম্প্রতি আরও কয়েকটি চ্যানেল বন্ধ হওয়ার গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছে যন্ত্রপাতির অবৈধ হস্তান্তর এবং আইনগত জটিলতার কারণে। তবে আর কোনো টেলিভিশনের ক্ষেত্রে তেমন ঝামেলা নেই।একাধিক সাবমেরিন কেব্ল: বিকল্প সাবমেরিন কেব্ল না থাকায় ২৩ থেকে ৩০ মে পর্যন্ত দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমাদের আরও অন্তত দুটি সাবমেরিন কেব্ল থাকা উচিত। এর আগে একটি সরকার তথ্য পাচারের সন্দেহে বিনা পয়সায় এ সুযোগ দেশের জন্য নেয়নি।’ টেলিযোগাযোগসচিব জানান, আগামী আট দিন ইন্টারনেটসহ টেলিযোগাযোগে সমস্যা যতটা সম্ভব কম হয়, সেদিকে খেয়াল রেখে কাজ করছেন তাঁরা। এক বছরে এক লাখ ল্যাপটপ: টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাধ্যমে আগামী এক বছরে দেশে এক লাখ ল্যাপটপ উৎপাদন করা হবে বলে জানান মন্ত্রী। ১০ থেকে ১২ হাজার টাকা মূল্যের এসব ল্যাপটপ স্কুলের ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছে সরকারের। দ্রুত উৎপাদন শুরু হবে। তাছাড়া বর্তমানে ল্যান্ডফোন সেট উৎপাদনের পাশাপাশি টেশিস আগামী ছয় মাসের মধ্যে মোবাইল ফোনসেটও বাজারে দিতে পারবে বলে আশা প্রকাশ করেন টেলিযোগাযোগমন্ত্রী।