তিন মাসে বেরিয়ে এসেছে দেড় হাজার সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে গত তিন মাসে গ্রিলকাটা চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও ডাকাতসহ দেড় হাজার সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে। এত বিপুলসংখ্যক সন্ত্রাসী জামিনে বেরিয়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসন তাদের নিয়ে চিন্তিত।

ইতিমধ্যে বাড়িমুখী লোকজন চট্টগ্রাম নগর ছাড়তে শুরু করেছে। গ্রিলকাটা ও ছিনতাই ঠেকাতে নগরের অলিগলিতে আজ বুধবার থেকে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি মাইকিং শুরু হচ্ছে। নগরের ২০৫টি আবাসিক সমিতির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং নিরাপত্তা বিষয়ে সমম্বয় করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে জানান, ঈদ সামনে রেখে প্রতিবছরের মতো এবারও গ্রিলকাটা চোর, ছিনতাইকারী, মলম পার্টির সদস্য ও ডাকাতসহ দেড় হাজার সন্ত্রাসী জামিনে বেরিয়ে গেছে আদালতের নির্দেশেই।

পুলিশ সূত্র জানায়, এবারের ঈদে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তবে বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লায় বাড়ি—এমন কিছুসংখ্যক পুলিশ সদস্য ছুটি পাবেন। তবে ১১ আগস্টের মধ্যে তাঁদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি মোকাবিলায় পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আগের বছরগুলোতে নগরের অনেকগুলো বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার খোয়া গেছে সবচেয়ে বেশি। গ্রিলকাটা চক্রের সদস্যরা এসব কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যার তিনটি চক্রের কিছু সদস্য ধরাও পড়েছিল। এই অবস্থায় আজ থেকে নগরের অলিগলিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মাইকিং শুরু করছে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে নগরের ১৬টি থানা এবং ৪১টি ফাঁড়ির পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা আবাসিক মালিক সমিতির নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। আর এ জন্য আজকের মধ্যে পুলিশ কর্মকর্তাদের এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা অন্য সদস্য নিয়ে প্রতিটি অলিগলিতে টহল দেবেন।

গত বছর কোরবানির ঈদের ছুটিতে নগরের কোতোয়ালি, চান্দগাঁও, খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী ও বায়েজিদ এলাকার প্রায় দেড় ডজন বাসাবাড়িতে গ্রিলকাটা চোরেরা স্বর্ণালংকার চুরি করেছে বলে পুলিশ অভিযোগ পায়। এসব কাণ্ডের সঙ্গে তিনটি চক্রকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়। প্রতিটি চক্রে পাঁচ-ছয়জন করে সদস্য রয়েছে বলে পুলিশি তদন্তে জানা গেছে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গ্রিলকাটা চক্রের হোতা স্টিভ কোতোয়ালি, পাঁচলাইশ ও চান্দগাঁও; বেলাল কোতোয়ালি, পাঁচলাইশ ও খুলশী এবং সুমন বায়েজিদ, খুলশী ও পাহাড়তলী এলাকার বাসাবাড়িতে গ্রিলকাটার নেতৃত্ব দিয়ে আসছে। গত বছর আমি তিনজনকেই গ্রেপ্তার করে তাদের দলের সদস্যদের তথ্য নিয়েছি। ওরা কমপক্ষে ১৮টি বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি করেছে।’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও সুগন্ধা আবাসিক এলাকার সাবেক সভাপতি মাহবুবুল আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা নগরের প্রতিটি অলিগলিতে পুলিশ টহল বাড়ানোর জন্য প্রশাসনকে জানিয়েছি।’ লালখান বাজার ম্যাজিস্ট্রেট কলোনি আবাসিক সমিতির সভাপতি মোকছেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের আমাদের এলাকার বেশির ভাগ পরিবার বাড়ি চলে যায়। গ্রিলকাটা চোরদের নিয়ে আমরা চিন্তিত।’