ইলিশ মৌসুমে বঙ্গোপসাগর ও সুন্দরবনের আশপাশের এলাকায় জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। গত তিন মাসে ৪৫০টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুরা অন্তত ১০ কোটি টাকার মালামাল লুট ও ৫৪০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।দস্যুদের হামলায় এক জেলে নিহত ও কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন বলে জেলে ও ট্রলার মালিক সমিতির দেওয়া তথ্যে জানা গেছে। জলদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও লুণ্ঠনে দক্ষিণ উপকূলের ১০ জেলার প্রায় আড়াই লাখ জেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন।বাগেরহাটের শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ‘এমনিতেই এবারের মৌসুমে তেমন ইলিশ না পেয়ে আমরা খুব দুর্দশার মধ্যে আছি। তার ওপর দস্যুদের সাম্প্রতিক প্রতিশোধমূলক তৎপরতায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’জেলা ট্রলার মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় ‘আল-আমিন বাহিনী’র সদস্যরা ৭৫টি ট্রলারে লুটপাট চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মাছ, মালামাল ও ৭৫ জন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। ২১ সেপ্টেম্বর রাতে পূর্ব সুন্দরবনের ভেদাখালী খালে আশ্রয় নেওয়া ১৫টি ট্রলারে ‘রাজু বাহিনী’র সদস্যরা হানা দিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট ও ১৫ জন জেলেকে অপহরণ করে। একইভাবে ২২-২৩ আগস্ট দুই দিনে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় গামা, রাজু ও আল-আমিন বাহিনীর সদস্যরা পালা করে ১৫০টি ট্রলারে লুটপাট চালিয়ে ১০টি ট্রলারসহ ৭৫ জন জেলেকে অপহরণ করে। নেতারা আরও অভিযোগ করেন, গত ৫, ১১, ১৭, ২৪, ২৫ ও ২৭ জুলাই রাতে বিভিন্ন জলদস্যু বাহিনীর সদস্যরা ১১৭টি ট্রলারে হানা দিয়ে ১৫৭ জন জেলেকে অপহরণ করে। এ ছাড়া সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে হানা দিয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক জেলেকে কুপিয়ে হত্যা করে দস্যুরা। তাঁদের দাবি, আরও কিছু ট্রলারে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু তাঁরা সেই তথ্য জানাতে পারেননি। গত তিন মাসে অপহূত সব জেলেকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে।বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর মহিপুর ও বাগেরহাটের শরণখোলা উপজেলার ট্রলার মালিক সমিতির নেতা ও আড়তদারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পূর্ব সুন্দরবন ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে বর্তমানে গামা, আল-আমিন, রাজু, বাঘা, নাসির, সোহাগ ও রুস্তম বাহিনী নামে পরিচিত সাতটি বাহিনী এসব অপতৎপরতা চালাচ্ছে। চেষ্টা করেও কোনো জলদস্যু বাহিনীর প্রধান বা সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক জেলে ও ব্যবসায়ীরা জানান, এসব দস্যু বাহিনী ইলিশ আহরণ মৌসুমের শুরুতেই (গত জুন মাসে) জেলেদের ট্রলার ও নৌকাপ্রতি চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয়। জলদস্যুদের স্থানীয় প্রতিনিধিরা ট্রলার ও নৌকাপ্রতি ১৫ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা চাঁদ নেয়। পরে একটি নিরাপত্তা পাস (টোকেন) দেওয়া হয়। যেসব জেলে টোকেন দেখাতে পারেন না, তাঁদের ট্রলারে দস্যুরা হানা দিয়ে লুটপাট চালায়। জেলেদের অপহরণ করে মোটা অংকের পণ আদায় করে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ‘উপকূলের কয়েক লাখ জেলে ও ব্যবসায়ীরা দেশের মৎস্য খাত থেকে কয়েক শ কোটি টাকা আয় করে জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁদের নিরাপত্তায় সরকারের ভূমিকা খুবই নগণ্য।’কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের স্টাফ অফিসার (অপরেশন) লেফেটন্যান্ট মো. হাসানুজ্জামান জানান, জলদস্যুদের অপতৎপরতা দমনে গত ২২ সেপ্টেম্বর থেকে ‘সুন্দরবন-২’ নামে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন বিভাগের সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।