তিন মাসে সামাজিক বনায়নের ১০ হাজার গাছ লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বন বিভাগের ছয়টি রেঞ্জের অধীন সামাজিক বনায়নের বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। গত তিন মাসে কমপক্ষে ১০ হাজার গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। উপকারভোগী ও পাহারাদারকে ভয় দেখিয়ে দিনদুপুরে কাটা হচ্ছে গাছ। বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের আওতায় রামু উপজেলার রাজারকুল, পানের ছড়া, ধোয়াপালং, বাঁকখালী, জোয়ারিয়ানালা ও ঈদগড় রেঞ্জের অধীনে প্রায় চার হাজার হেক্টর বনভূমিতে সামাজিক বনায়ন করা হয়েছে। এসব রেঞ্জের অধীন সামাজিক বনায়নের উপকারভোগীরা জানান, বনের বেশির ভাগ জায়গায় আকাশমণি গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে বাজারে সেগুনকাঠের সরবরাহ না থাকায় আসবাব তৈরিতে আকাশমণি কাঠ ব্যবহার করা হচ্ছে। তাই বাজারে এ কাঠের দাম খুব বেশি। এসব বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। গত তিন মাসে ১০ হাজারেরও বেশি গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। যার দাম প্রায় অর্ধকোটি টাকা। যে বাগানে বড় গাছ নেই, সেখানে এখন ছোট গাছ কাটা হচ্ছে। এসব কাঠ স্থানীয় আসবাবের দোকানসহ বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।উপকারভোগীরা বলেন, গাছ চোরেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। খুনিয়াপালং দারিয়ারদীঘি সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি জহিরুল হক সিকদার বলেন, দারিয়ারদীঘি ও আপাররেজু বিট এলাকার আগর ও একাশিয়া বাগানের প্রায় সব গাছ কাটা হয়ে গেছে। এলাকার প্রভাবশালী একটি চক্র ওই দুই রিটের কর্মকর্তাদের যোগসাজশে বনের জমিও বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।দারিয়ারদীঘি বিট কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ‘আমার এখানে তো গাছই নাই, কাটা যাবে কীভাবে?’ গাছ কাটা না গেলে বনে গাছ নেই কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাকে বলে লাভ নেই, আপনি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন।’ সামাজিক বনায়নের জমি বেচাকেনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগও তিনি অস্বীকার করেন। আপাররেজু বিট কর্মকর্তা ফখর উদ্দিন মজুমদার বলেন, জনবল সংকটের কারণে বন পাহারা সঠিকভাবে হয় না। বিটে কোনো যানবাহন না থাকায় হেঁটে দুই হাজার ১০০ একর বন পাহারা দিতে হয়। তাই বনকর্মীরা এক পাশে গেলে অন্য পাশ থেকে বনদস্যুরা গাছ কেটে নিয়ে যায়।গাছ কাটার কথা স্বীকার করে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল ওহাব জানান, উপকারভোগীদের নজরদারির অভাবে কিছু গাছ কাটা গেছে। বর্তমানে পাহারা জোরদার করায় গাছ কাটা বন্ধ রয়েছে। গাছ কাটার অভিযোগে সমপ্রতি গুদামকাটা এলাকার কয়েকজনের বিরুদ্ধে তিন-চারটি মামলা করা হয়েছে।রামু উপজেলা বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক বলেন, সারা বছরই গাছ কাটার অভিযোগ শুনে আসছি। বনকর্মীদের গাফিলতি এবং উপকারভোগীদের অবহেলার কারণে এটা হচ্ছে।পানেরছড়ার রেঞ্জ কর্মকর্তা তাপস স্যানাল বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বন রক্ষার চেষ্টা করছি। কিন্তু চোরেরা সংঘবদ্ধ হওয়ায় পারা যাচ্ছে না।’কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুলকৃষ্ণ দাশ প্রথম আলোকে বলেন, সামাজিক বনায়ন রক্ষার দায়িত্ব মূলত উপকারভোগীদের। বন বিভাগে জনবল সংকট আর উপকারভোগীদের অবহেলার কারণে বিশাল বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।