
খুলনায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন রাস্তার মোড়-গল্লামারী ও বিআইডিসি সড়কের একাংশ। সড়ক দুটির বিভিন্ন স্থানে উঁচু-নিচু হয়ে পড়েছে।
কেসিসি থেকে জানা যায়, ২০১২ সালের জুন মাসে নগরের খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে গল্লামারী পর্যন্ত আট কিলোমিটার ও বিআইডিসি রোডের লিবাটি থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু হয়। এই দুটি কাজের জন্য ব্যয় করা হয়েছে ১৭ কোটি ৭৫ লাখ টাকা। চলতি বছরের মে মাসে সড়কের নির্মাণকাজ শেষ হয়। এর মধ্যে নতুন রাস্তার মোড় থেকে গল্লামারী পর্যন্ত আট কিলোমিটার সড়ক সংস্কারের একগুচ্ছে (প্যাকেজে) ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠান আবার দুই গ্রুপেরও কাজ করেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও বয়রা স্ট্যান্ডের কাজ করেছে মেসার্স আশরাফ ট্রেডার্স ও মেসার্স পিনাকল করপোরেশন। বিআইডিসি রোডের আধা কিলোমিটার রাস্তার সংস্কার করেছে মেসার্স টুটুল অ্যান্ড কোং।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নতুন রাস্তার মোড়-গল্লামারী সড়কের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা মোড়, সোনাডাঙা বাসস্ট্যান্ড, মুজগুনি, ইসলামবাগ এলাকার বিভিন্ন স্থানে উঁচু টিলা, আবার কোথাও দেবে গেছে। তা ছাড়া অনেক স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।
নগরের বয়রা এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। তা না হলে মাত্র তিন মাসে এ অবস্থা হতো না। তিন-চার দিন আগে রাতে এখানে মোটরসাইকেল নিয়ে আছাড় খাই আমি। প্রতিদিনই এখানে তিন-চারটা দুর্ঘটনা ঘটছে।’
বাসচালক মাসুম আলী বলেন, এই রাস্তায় ব্রেক কষলেই বিটুমিন উঠে আসে। কি সংস্কার করল তা বুঝতে পারলাম না। আগে এর চেয়ে ভালো ছিল।
মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার চায়ের দোকানদার হারুন মোল্লা বলেন, ‘এই জায়গায় ঢালাইয়ের সময় কেসিসি ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। রাস্তা ঠিক হতি না হতি আবার খারাপ হয়ে গেছে। টাকাগুলো কন্ট্রাক্টর-ইঞ্জিনিয়ারদের পকেটে গেছে। আর সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।’
মেসার্স আশরাফ ট্রেডার্সের মালিক আশরাফ আলী হাওলাদার বলেন, ‘ওই জায়গায় রাস্তা নরম ছিল। সেই জন্যি দেবে গেছে। এর বেশি আমি কিছু জানি নে। ওসব ইঞ্জিনিয়াররা জানে।’
মেসার্স টুটুল অ্যান্ড কোংয়ের মালিক মহিদুল ইসলাম বলেন, ‘রাস্তার কাজ করার সময় ওয়াসা ও পিডিবি কয়েকবার রাস্তা কাটা-ছেঁড়া করে পাইপ বসিয়েছে। এতে ভালোভাবে কাজ করা যায়নি। তা ছাড়া এসব কাজে আমাদের ঠিকাদারদের কিছু করার নেই। আমরা সব মাল দিই করপোরেশনে। মেশানো থেকে শুরু করে পরিবহন পর্যন্ত তারা করে। কোনো দুর্নীতি হলে সেখানে হয়েছে।’
ঢাকার ঠিকাদার মেসার্স পিনাকল করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কেসিসির নির্বাহী প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ঢালাইয়ের সময় প্রচণ্ড বর্ষা ও তাপও ছিল বেশ। তা ছাড়া সংস্কারের সময় ভারী যানবাহন চলায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।
কেসিসি নির্বাহী প্রকৌশলী-২ ও প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী খান বলেন, ‘প্রচণ্ড গরমে বিটুমিন গলে যাওয়া আর সেই সঙ্গে ভারী গাড়ি চলাচলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি। বর্ষা শেষ হলে ওটা ঠিক করে দেওয়া হবে।’