তিন মাসেই ধসে পড়ল কোটি টাকার ওয়াকওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীর ঘেঁষে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরি করা হচ্ছে। এর মধ্যে নির্মিত হওয়া প্রায় আধা কিলোমিটার অংশ সাড়ে তিন মাসেই ধসে পড়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ওই প্রকল্পের নির্মাণকাজ নিম্নমানের হয়েছে উল্লেখ করে এর ‘দুর্নীতি’র প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা শহরে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তবে এ কাজের তদারককারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) দাবি, মাটির ধরন খারাপ থাকায় ওয়াকওয়ের ওই অংশ ধসে পড়েছে।
এলজিইডির কিশোরগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, শহরকে আরও সুন্দর করতে ২০১২ সালে ১১০ কোটি টাকা ব্যয় ধরে ‘কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদী পুনর্বাসন ও পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্প’ হাতে নেওয়া হয়। স্থানীয় লোকজনের কাছে এটি ‘লেকসিটি’ প্রকল্প নামে পরিচিতি পায়। এর আওতায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নরসুন্দা নদীর তীর ঘেঁষে সোয়া ছয় কিলোমিটার দৈর্ঘ্যের ওয়াকওয়ে তৈরি হচ্ছে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে নির্মাণ শেষ হওয়া ওয়াকওয়ের প্রায় আধা কিলোমিটার সম্প্রতি ধসে পড়েছে।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম মিয়া বলেন, ওয়াকওয়ে ধরে রাখার জন্য পাটাতনও তৈরি করা হয়েছিল। তা-ও ধসে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শহরের পাগলা মসজিদের পাশ থেকে হাসপাতাল পর্যন্ত নদীর উত্তর পাশের প্রায় আধা কিলোমিটার ওয়াকওয়ে ভেঙে গেছে। ওয়াকওয়ে আটকে রাখার জন্য তৈরি পাটাতনগুলোও দেবে গেছে।
এলাকার বাসিন্দা মতিউর রহমানসহ তিনজন বলেন, ১৫ দিন আগে ওয়াকওয়ে ভেঙে পড়ে। দিন দিন আরও ভাঙছে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ পথ দিয়ে এখন চলাচল করতে ভয় লাগে। কিন্তু কর্তৃপক্ষ তা পুনর্নির্মাণে ব্যবস্থা নিচ্ছে না।
কিশোরগঞ্জ এলজিইডি সূত্রে আরও জানা যায়, ২০১২ সালের ২২ নভেম্বর ওই প্রকল্পের কাজ শুরু হয়। ওই দিনই তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বর্তমান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর উদ্বোধন করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এ কাজ শেষ হওয়ার কথা ছিল। এর আওতায় হোসেনপুর উপজেলার কাউনা এলাকা থেকে সদর উপজেলার নীলগঞ্জ পর্যন্ত এবং শহরের মনীপুর ঘাট থেকে যশোদল এলাকার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পর্যন্ত ৩৫ কিলোমিটার নদী খননকাজ হাতে নেওয়া হয়। তা ছাড়া এই এলাকায় তিনটি পুরোনো সেতুর সংস্কার, ছয়টি নতুন বড় সেতু ও চারটি নতুন পায়ে হাঁটার সেতুও (ফুট ব্রিজ) নির্মাণ করার কথা। নদীর উভয় পাড়ে তিন কিলোমিটার করে ৬ কিলোমিটার ওয়াকওয়ে, ২০ কিলোমিটার রাস্তা, আটটি ঘাট, দুটি পার্ক, একটি পর্যবেক্ষণ টাওয়ার, মুক্তমঞ্চ, পথচারী ছাউনি নির্মাণ এবং ফুটপাতের বিদ্যুতায়নের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পের কাজের মধ্যে গত ডিসেম্বর পর্যন্ত নরসুন্দার উত্তর পাশে শহরের গাইটাল মরাখলা থেকে একরামপুর সেতু পর্যন্ত এবং দক্ষিণ পাশে বড় বাজার সেতু থেকে মরাখলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। গত জানুয়ারিতে বাকি সোয়া কিলোমিটারের কাজ শুরু হয়।
কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক এনায়েত করিম ও কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির বলেন, নরসুন্দা প্রকল্পে চুরি নয়, ডাকাতি হয়েছে। প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। যা কাজ হয়েছে তা-ও অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে সভা-সমাবেশসহ অনেকবার আন্দোলন হয়েছে। এরপরও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ওয়াকওয়ের ধসই দুর্নীতির জ্বলন্ত প্রমাণ।
এ বিষয়ে কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মাওলা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মাটির ধরন খারাপ থাকায় ওয়াকওয়ের নিচের মাটি সরে গিয়ে ওই অংশটুকু ধসে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক এই অংশের নির্মাণকাজ করছে। এ অংশটুকু তাদের আবার করে দিতে হবে। না হলে কাজের টাকা তুলতে পারবে না। এখন ধান কাটার মৌসুম। তাই শ্রমিকের স্বল্পতার কারণে সংস্কার করা যাচ্ছে না। দ্রুত পুনর্নির্মাণ করা হবে।
তবে মেসার্স মমিনুল হকের স্বত্বাধিকারী মমিনুল হক মুঠোফোনে বলেন, ‘ওয়াকওয়ের এই অংশে আমি কাজ করিনি। আমি করেছি বড় বাজার এলাকায়। এই অংশে কাজ করেছে মেসার্স মাহবুব আলম নামের একটি প্রতিষ্ঠান।’ এ বিষয়ে মেসার্স মাহবুব আলমের স্বত্বাধিকারী মাহবুব আলম বলেন, ‘ভেঙে যাওয়া অংশে মমিনুল হকই কাজ করেছেন। আমি করেছি গুরুদয়াল কলেজের পাশে গাইন পট্টির দিকে।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, তিনি ধসে যাওয়া অংশ পরিদর্শন করেছেন। যত দ্রুত সম্ভব এই অংশ নির্মাণ করা নিয়ে এলজিইডির প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেছেন।
মানববন্ধন
নরসুন্দা লেকসিটি নির্মাণকাজে ‘দুর্নীতি’র প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও জাগ্রত জনতা নামের দুটি সংগঠন মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ১১০ কোটি টাকা বরাদ্দ দিলেও এখানে ব্যাপক লুটপাট হয়েছে। এ নিয়ে সরকার একটি তদন্ত কমিটি করলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া শহরের বিভিন্ন রাস্তা ও লেকের পাড়ের রাস্তায় ফাটল ধরেছে। দৃষ্টিনন্দন সেতু করার কথা থাকলেও তা করা হয়নি। এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী, ছাত্রনেতা পল্লব সরকার, জেড এন কাইয়ুম, ওবায়দুল্লাহ খান, সালেহ আহমেদ প্রমুখ।