তিন মাসেই সড়কে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ফজলুল হক সেলবর্ষী সড়কের একাংশ ধসে পড়েছে। বীর দক্ষিণ গ্রামের সামনে ​থেকে তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ফজলুল হক সেলবর্ষী সড়কের একাংশ ধসে পড়েছে। বীর দক্ষিণ গ্রামের সামনে ​থেকে তোলা ছবি l প্রথম আলো

সড়ক উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার তিন মাস যেতে না যেতেই সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কের বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় ওই সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কটি মনাই নদের তীরঘেঁষা এ সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। এ সড়ক দিয়ে এখানকার মাইজবাড়ী, প্রচারপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, সলপ, মাটিকাটা, বীর দক্ষিণসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। ওই সড়কে ৮০০ মিটার সড়ক পাকাকরণ, এক পাশে ব্লক স্থাপন ও প্রতিরক্ষা দেয়াল নির্মাণসহ সড়ক উন্নয়নকাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ২০১৩ সালে জুনের শেষ সপ্তাহে দরপত্রের মাধ্যমে এ সড়ক উন্নয়নের কাজ পান মেসার্স শেখ হেমায়েত আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার গত বছরের মার্চে কাজ শুরু করেন এবং তা চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে শেষ হয়। গত মাসের শেষ সপ্তাহ থেকে বীর দক্ষিণ গ্রামের সামনে ওই সড়কের এক পাশের বেশ কিছু স্থানজুড়ে ভাঙন দেখা দেয়। এ ছাড়া সড়কে ব্লক সরে যাওয়াসহ প্রতিরক্ষা দেয়াল হেলে পড়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, নদের তীরবর্তী বীর দক্ষিণ গ্রামের সামনে ওই সড়কের এক পাশের প্রায় ২০০ ফুট অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। বেশ কিছু ব্লক স্থানচ্যুত হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা দেয়াল হেলে পড়েছে।
বীর দক্ষিণ গ্রামের বাসিন্দা রহমত আলী (৬৫) বলেন, ‘সড়কের কাজটি যেনতেনভাবে করায় তিন মাস যেতে না যেতেই এটি ভেঙে গেছে। সড়কের নিচ থেকে ব্লক সরে গেছে। হেলে পড়েছে প্রতিরক্ষা দেয়াল। সড়কটির এমন বেহাল অবস্থা হলেও সংশ্লিষ্ট বিভাগের লোকজনকে এখানে আসতে দেখিনি।’
রাজবাড়ী গ্রামের রিকশাচালক সজিদুল হক (৪৩) বলেন, এই সড়কের কামডা ভালা কইর্যাা করা অইছে না। রিকশা নিয়া এই সড়ক দিয়া গেলে কখন কী অইয়া যায়, হেই ডরে বুকডা ধড়ফড় কইর্যার কাঁইপ্পা ওডে।
সেলবরষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হামিদুল ইসলাম বলেন, ‘সড়কটির অবস্থা এখন খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। এটির কাজের মান ভালো না হওয়ায় সড়কের প্রায় ২০০ ফুট জায়গাজুড়ে এক পাশে ভাঙনসহ ব্লক ধসে ও প্রতিরক্ষা দেয়াল হেলে পড়েছে। বর্ষার আগেই সড়কটি সংস্কার করা প্রয়োজন। আমি বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদার আজাদ রহমান বলেন, সড়কটির সংস্কারকাজ এখন করা সম্ভব হবে না। আগামী শুকনো মৌসুমের শুরুতেই সড়কটির ভাঙা স্থান মেরামতসহ অন্যান্য কাজ করা হবে। তবে আর যাতে নতুন করে ভাঙন না ধরে, সেই জন্য বাঁশের খুঁটি বসিয়ে সাময়িকভাবে তা মেরামত করা হবে।
সড়ক উন্নয়নকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘কাজে কোনো রকম অনিয়ম হয়নি। গত মাসের শেষ সপ্তাহে প্রবল বৃষ্টিপাত ও ভূমিকম্পের কারণে হয়তো এমনটি হতে পারে। সরেজমিনে দেখে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা প্রকৌশলী নুরুল আলম চৌধুরী বলেন, সড়কটি মেরামতের জন্য শিগগিরই যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, ‘খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’