চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দুর্নীতি
তিন মাসেও অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার নথিপত্র পাঠানো হয়নি দুদকের কাছে
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিভিন্ন নথিপত্র চেয়ে বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। তিন মাস পেরিয়ে গেলেও বোর্ড কর্তৃপক্ষ কমিশনে এ-সংক্রান্ত কোনো নথিই পাঠায়নি। বরং সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্নীতি ধামাচাপা দিতেই গড়িমসির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক আবুল কাসেম মো. ফজলুল হক। তাঁর বিরুদ্ধে ভুয়া সনদের মাধ্যমে চাকরি ও ভুয়া ভ্রমণ বিল নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় নথিপত্র চেয়ে গত ৪ জুন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। ৬ জুন বোর্ড কর্তৃপক্ষ সেই চিঠি গ্রহণ করে। জানতে চাইলে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে এ রকম কোনো চিঠি পেয়েছি বলে আমার মনে পড়ছে না।’ ওই চিঠিতে বলা হয়, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ১৩ জুনের মধ্যে নথিপত্রের সত্যায়িত অনুলিপি (ফটোকপি) দুদকের তদন্ত কর্মকর্তার কাছে পাঠাতে অনুরোধ জানানো হয়। কিন্তু বোর্ড থেকে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নথিপত্র দুদক কার্যালয়ে পৌঁছানো হয়নি। সূত্র জানায়, দুদক থেকে আবুল কাসেম মো. ফজলুল হকের বোর্ডে চাকরির আবেদনপত্র (সংযুক্তিসহ), নিয়োগ কমিটির সিদ্ধান্তের কপি, সিদ্ধান্তের আলোকে নিয়োগপত্র ও যোগদানপত্রসহ ব্যক্তিগত নথি চেয়ে পাঠানো হয়। এ ছাড়া তাঁর এলএলবি ও এমএসএস পাসের ও অভিজ্ঞতার সনদ, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর ১১টি বিদ্যালয় পরিদর্শনের জন্য দাখিল করা ভ্রমণ ভাতা বিল, বিলের বিপরীতে প্রদেয় চেক বইয়ের মুড়ি, কপিসহ বিদ্যালয়গুলোর নাম ও ঠিকানা ইত্যাদি নথি চাওয়া হয়। দুদক থেকে পাঠানো ওই চিঠিতে অভিযোগ অনুসন্ধানে বাধ্যবাধকতার কারণে এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা কামনা করা হয়। কিন্তু বোর্ড থেকে নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো নথিপত্র পাঠানো হয়নি। এমনি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গেও এ ব্যাপারে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা খোন্দকার খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শক আবুল কাসেম মো. ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে সহায়ক কোনো নথিপত্রই পাইনি। বোর্ড কর্তৃপক্ষকে এ ব্যাপারে সচেতনতামূলক (রিমাইন্ডার) চিঠি দেওয়া হবে।’