তিন মাসেও উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী
জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রাম থেকে তিন মাস আগে অপহূত সেই স্কুলছাত্রীকে পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। গ্রেপ্তার করতে পারেনি কোনো আসামিকেও। মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।মামলা সূত্রে জানা যায়, স্থানীয় আদ্রা আবদুল মান্নান উচ্চবিদ্যালয়ের ওই স্কুলছাত্রী গত ১২ জুলাই সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময় অপহূত হয়। পার্শ্ববর্তী ফুলকোচা ইউনিয়নের মো. আলমগীর ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১৫ জুলাই মেয়েটির বাবা বাদী হয়ে আলমগীরসহ আটজনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা করেন।মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, আসামিরা তাঁর মেয়েকে অপহরণ করে গুম করেছে বলে তিনি আশঙ্কা করছেন। আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি তাঁর মেয়েকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, প্রধান আসামি আলমগীর মেয়েটিকে নিয়ে পলাতক রয়েছে। অন্য আসামিরাও পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।