ময়মনসিংহের নান্দাইলে দুই সহোদর খুনের পর তিন মাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অপর দিকে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনকে আসামিপক্ষের লোকজন নানাভাবে ভয় দেখাচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১০ নভেম্বর সকালে উপজেলার রাজাবাড়িয়া গ্রামের দুই ভাই তোফাজ্জল হোসেন (৬৬) ও স্বপন মিয়াকে (৩৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বপনের স্ত্রী কমলা আক্তার বাদী হয়ে প্রতিবেশী হযরত আলী, আবুল খায়ের, আবদুল গফুরসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি তদন্তের দায়িত্ব পান ময়মনসিংহ জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
কমলা আক্তার গত মঙ্গলবার অভিযোগ করেন, গত দুই মাসেও কোনো আসামি ধরা পড়েনি। কিন্তু আসামিদের আত্মীয়স্বজনেরা তাঁদের ভয় দেখাচ্ছে। রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাড়িতে ঢুকে বসতঘরের বেড়ায় আঘাত করে। প্রচণ্ড শব্দে শিশুরা ঘুম থেকে জেগে ভয়ে কাঁদতে থাকে। তিনি বলেন, ‘আমরা অহন কী করুম? গেরাম ছাইড়া যাইতাম গা?’
নিহত তফাজ্জল হোসেনের স্ত্রী সখিনা খাতুন বলেন, ‘পরিবারে আয়-রোজগারের মানুষ না থাকায় আমাদের অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে আসামিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের লোকজন জানান, খুনের পর অভিযুক্ত ব্যক্তিরা গ্রাম ছেড়েছেন। তাঁদের কোনো আত্মীয়স্বজনের খোঁজও কেউ দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের চার বাসিন্দা বলেন, তফাজ্জল ও স্বপন ঢাকায় কাজ করতেন। গত কোরবানির ঈদে দুই ভাই পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। জমি নিয়ে তফাজ্জল ও স্বপনের অপর ভাই আবদুস সাত্তারের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাইদের বিরোধ ছিল। এরই জের ধরে ঘটনার দিন প্রতিপক্ষ আবদুস সাত্তারের ওপর আক্রমণ চালায়। ভাইয়ের চিৎকারে এগিয়ে গেলে তফাজ্জল ও স্বপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সাত্তার বলেন, দুই ভাই খুন হওয়ার পর থেকে ভয়ে তিনি রাতে বাড়িতে থাকেন না।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চলছে। বাদীর অভিযোগ প্রসঙ্গে বলেন, এসব বিষয় তাৎক্ষণিকভাবে স্থানীয় থানাকে জানানো উচিত।