তিন মাসেও খোঁজ মেলেনি প্রবাসী বিএনপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

নিখোঁজের পর তিন মাস পেরিয়ে গেলেও যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালকের সন্ধান মেলেনি। তাঁদের উদ্ধারে মাস খানেক পুলিশের তৎপরতা থাকলেও এখন তা-ও নেই। বিএনপিসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ, মানববন্ধন, হরতালসহ নানা কর্মসূচি পালন করলেও এখন তারাও ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আরও দিশেহারা হয়ে পড়েছে তাঁদের পরিবার। স্বজনদের উদ্ধারে কোথায়, কার কাছে যাবেন তাঁরা?
তবে পুলিশ শুরু থেকেই বলছে, মুজিব জীবিত আছেন। তাহলে তিনি কোথায়? এই প্রশ্নে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, তিনি দেশেও থাকতে পারেন আবার বিদেশেও চলে যেতে পারেন। তবে, মুজিব দেশের বাইরে চলে গেলে তাঁর গাড়ি এবং চালক কই? এ প্রশ্নের কোনো উত্তর নেই পুলিশের কাছে।
দেশে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান। সমাবেশ শেষে সিলেটে যাওয়ার পথে তিনি এবং তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন। এ ঘটনার এক দিন পর মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
মুজিবুর ও তাঁর গাড়িচালকের সন্ধানের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। একইভাবে গাড়িচালকের সন্ধানের দাবিতে মিছিল-সমাবেশ ও পরিবহন ধর্মঘট করেন শ্রমিকেরা। কিন্তু এখন সবাই চুপচাপ।
পরিচয় প্রকাশ না করার শর্তে মুজিবুর রহমানের এক নিকটাত্মীয় ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘ধীরে ধীরে সবাই নিজেদের গুটিয়ে নিচ্ছে। সঙ্গে পুলিশও। আমরা এখন কার কাছে যাব। কোথায় সন্ধান করব।’
পুলিশ জানিয়েছে, ঘটনার পরই তাঁদের উদ্ধারে সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। নিখোঁজের পরদিন ময়মনসিংহে মুজিবুরের মুঠোফোন কিছু সময়ের জন্য সচল ছিল। পরে পুলিশ সেখানে সাত দিন অবস্থান করে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। একইভাবে টাঙ্গাইলের মধুপুরগড়ে আরেকবার তাঁর মুঠোফোন সচল পাওয়ায় সেখানেও অভিযান চালানো হয়। সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে আটক করা হয়েছিল আরও চারজনকে। বর্তমানে সবাই জামিনে আছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ সর্বশেষ গত ২৬ মে সিলেটে এক লন্ডনপ্রবাসীর মালিকানাধীন মৎস্য প্রক্রিয়াকরণ কোম্পানি ও তাঁর বাড়িতে অভিযান চালায়। ওই প্রবাসীর সঙ্গে মুজিবুরের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছিল। এরপর আর কোনো অভিযান হয়নি।
নিখোঁজ মুজিবুরকে উদ্ধারে যুক্তরাজ্য পুলিশের দুটি দল বাংলাদেশে এসে কাজ করে গেছে। পুলিশের একটি সূত্র জানায়, নিখোঁজের কিছুদিন পর পাকিস্তান থেকে একটি পক্ষ মুজিবুরের লন্ডনের বাসায় যোগাযোগ করে। ইন্টারপোলের মাধ্যমে বিষয়টি সুনামগঞ্জ পুলিশ জেনেছে। কিন্তু এখন আর কেউ যোগাযোগও করছে না।
মুজিবুর রহমানের ভাতিজা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরোপুরি হতাশ। কোথাও থেকে কোনো আশা পাচ্ছি না। পুলিশ এখন আর কোনো অভিযানে নেই।’
মুজিবুরের গাড়িচালক রেজাউল হকের বাবা মুক্তিযোদ্ধা ওয়াহিদুল হক বলেন, ‘এখন আর কেউ খোঁজ নেয় না। পুলিশও কোনো কিছু বলে না। সবাই সরে যাচ্ছে। আমরা অসহায় হয়ে পড়েছি।’ মামলার বাদী রবিউল ইসলাম বলেন, ‘মামলার কোনো অগ্রগতি নেই। যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, তাঁরা সবাই জামিনে আছেন। পুলিশ কোনো আশার খবর দিতে পারছে না।’
তবে মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানায় পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল হাই গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত চলছে। নিখোঁজদের উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।’