তিন মাসেও ছাত্রলীগ নেতা তপুর খোঁজ মেলেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‍্যাব, পুলিশ, ডিবি, আওয়ামী লীগ নেতাসহ সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু আশার বাণী শুনিয়েছেন। কেউ কোনো খোঁজ দিতে পারছেন না। এখন আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেভাবেই হোক, ছেলেকে ফেরত চাই।’ 

ছাত্রলীগের নিখোঁজ নেতা মোয়াজ্জেম হোসেনের মা সালেহা বেগম আজ সোমবার প্রথম আলোর কাছে এই আকুতি জানান। তাঁর ছেলে নিখোঁজ হওয়ার তিন মাস পূর্ণ হবে আগামীকাল মঙ্গলবার।
তিন নাস ধরে নিখোঁজ মোয়াজ্জেমের পুরো নাম শেখ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তপু বলে ডাকে সবাই। তাঁর পরিবারের অভিযোগ, গত ২৬ জানুয়ারি রাতে বাড্ডার একটি বাসা থেকে সাধারণ পোশাকের তিন ব্যক্তি মোয়াজ্জেমকে তুলে নিয়ে গেছেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। মুঠোফোন নম্বরও বন্ধ। এ ব্যাপারে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা বলেছে, মোয়াজ্জেমকে তারা আটক করেনি।
পারিবারিক সূত্র বলেছে, মোয়াজ্জেম একাধিকবার রামপুরা থানা ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃতও হন। তিনি রামপুরার আলী হায়দার স্কুলের গভর্নিং বডির বর্তমান চেয়ারম্যান। মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মোয়াজ্জেম। তবে স্থানীয় যুবলীগের সঙ্গে মোয়াজ্জেমদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। পুলিশ যুবলীগের পক্ষে ছিল।
সালেহা বেগম বলেন, তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছে। তিনি ছেলের সন্ধান পাওয়ার আশায় ২০ থেকে ২৫ বার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে গিয়েছিলেন। মন্ত্রী এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা জানান, মোয়াজ্জেম তাঁদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে মন্ত্রী পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের বিষয়টি খোঁজ নিতে বলেছেন। কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি।
পারিবারিক সূত্র বলেছে, নিখোঁজের ঘটনায় গত শনিবার ভাটারা থানায় জিডি ও গত ১ ফেব্রুয়ারি অপহরণের অভিযোগ এনে মামলা করেন সালেহা বেগম। মোয়াজ্জেমের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়ায়। তাঁর নানার বাড়িও ফরিদগঞ্জে।
এজাহারে বলা হয়, ২৬ জানুয়ারি ফরিদগঞ্জ থেকে লঞ্চযোগে ঢাকার সদরঘাটে নেমেছিলেন মোয়াজ্জেম। সেখান থেকে মোটরসাইকেলে বন্ধু তাজুলের সঙ্গে বাড্ডার একটি বাসায় যান। তাজুল কফি খাওয়ার কথা বলে বাইরে গেলে তিনজন লোক ওই বাসায় গিয়ে মোয়াজ্জেমের কাছে জানতে চান, তিনি কবে চাঁদপুর থেকে ফিরেছেন। পরে সেদিন রাত সোয়া ১১টায় তাঁকে শোয়া অবস্থা থেকে তুলে নিয়ে যান ওই তিন ব্যক্তি। রাত সাড়ে ১১টায় বন্ধু ইমন মোয়াজ্জেমের ভাই চিকিৎসক মইনুল হোসেনকে মুঠোফোনে জানান, মোয়াজ্জেমকে তিনজন লোক ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। এজাহারে মোয়াজ্জেমের বন্ধু ইমন, তাজুল, শিবলু, তানিম, রইছ উদ্দিন, অর্ণব, জুয়েল ও এক তরুণীর নাম উল্লেখ করা হয়।
মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় যুবলীগের সঙ্গে তাঁর ভাইয়ের পক্ষের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। স্থানীয় পুলিশ প্রশাসনও তাঁর ভাইয়ের বিপক্ষে ছিল। মোয়াজ্জেম নিখোঁজ হওয়ার কদিন আগে তাঁদের বাসার সামনে-পেছনে পুলিশের পাহারায় ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে যুবলীগ মহড়া দেয়। এ ছাড়া পুলিশের সহায়তা নিয়ে যুবলীগ তাঁর ভাইয়ের বিরুদ্ধে পোস্টারিংও করেছে। তিনি বলেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তারের ভয়ে ভাই বাসায় থাকত না। আমার ধারণা, পুলিশ এ বিষয়ে নিশ্চয়ই জানে।’
চিকিৎসক মইনুল হোসেনকে মুঠোফোনে বলেন, ‘আমরা শুধু জানতে চাই সে মারা গেছে, না বেঁচে আছে। আমার ভাই যদি অপরাধী হয়, তবে তার নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত। কিন্তু তাকে গুম করে ফেলা হলো, এটা কোন বিচার!’