তিন মাসেও ছাত্রলীগ নেতার খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যা ব, পুলিশ, ডিবি, আওয়ামী লীগের নেতাসহ সবার কাছে গেছি, সবাই শুধু আশার বাণী শুনিয়েছেন। কেউ কোনো খোঁজ দিতে পারেননি। এখন কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যেভাবেই হোক, ছেলেকে ফেরত চাই।’
ছাত্রলীগের নিখোঁজ নেতা মোয়াজ্জেম হোসেনের মা সালেহা বেগম গতকাল সোমবার প্রথম আলোর কাছে এই আকুতি জানান। তাঁর ছেলে নিখোঁজ হওয়ার তিন মাস পূর্ণ হবে আজ মঙ্গলবার।
তিন নাস ধরে নিখোঁজ মোয়াজ্জেমের পুরো নাম শেখ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পরিবারের অভিযোগ, গত ২৬ জানুয়ারি রাতে বাড্ডার একটি বাসা থেকে সাধারণ পোশাকের তিন ব্যক্তি মোয়াজ্জেমকে তুলে নিয়ে গেছেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। মুঠোফোনও বন্ধ। এ ব্যাপারে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা বলেছে, মোয়াজ্জেমকে তারা আটক করেনি।
পারিবারিক সূত্র বলেছে, মোয়াজ্জেম একাধিকবার রামপুরা থানা ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃতও হন। তিনি রামপুরার আলী হায়দার স্কুলের গভর্নিং বডির বর্তমান চেয়ারম্যান। মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মোয়াজ্জেম। তবে স্থানীয় যুবলীগের সঙ্গে মোয়াজ্জেমদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। পুলিশ যুবলীগের পক্ষে ছিল।
সালেহা বেগম বলেন, তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছে। তিনি ছেলের সন্ধান পাওয়ার আশায় ২০ থেকে ২৫ বার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে গিয়েছিলেন। মন্ত্রী এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁরা জানান, মোয়াজ্জেম তাঁদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে মন্ত্রী পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের বিষয়টি খোঁজ নিতে বলেছেন।
পারিবারিক সূত্র বলেছে, নিখোঁজের ঘটনায় গত শনিবার ভাটারা থানায় জিডি এবং গত ১ ফেব্রুয়ারি অপহরণের অভিযোগ এনে মামলা করেন সালেহা বেগম। মোয়াজ্জেমের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়ায়। তাঁর নানার বাড়িও ফরিদগঞ্জে। এজাহারে মোয়াজ্জেমের বন্ধু ইমন, তাজুল, শিবলু, তানিম, রইছ উদ্দিন, অর্ণব, জুয়েল ও এক তরুণীর নাম উল্লেখ করা হয়।
ছাত্রলীগ নেতার ভাই মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় যুবলীগের সঙ্গে তাঁর ভাইয়ের পক্ষের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। স্থানীয় পুলিশ প্রশাসনও তাঁর ভাইয়ের বিপক্ষে ছিল। মোয়াজ্জেম নিখোঁজ হওয়ার কদিন আগে তাঁদের বাসার সামনে-পেছনে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে যুবলীগ মহড়া দেয়।
জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সে বনশ্রী থেকে অপহৃত হয়েছিল। এ নিয়ে আমি কিছু বলতে পারব না।’