কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই স্কুলছাত্র তিন মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। ঘটনার পর এক ছাত্রের বাবা ভারতে পাচারের অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করলেও পুলিশ তাঁদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ, নিখোঁজ দুই ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের আবদুস সামাদের ছেলে শিমুল ও মো. রায়হানের ছেলে মেহেদী স্থানীয় বড়লই বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ত। গত ১৭ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে তারা আর বাড়ি ফেরেনি।পরে ওই দুই ছাত্রের অভিভাবকেরা বিদ্যালয়ের দপ্তরির কাছে জানতে পারেন, দুপুরে বিরতির সময় বিদ্যালয়ের পাশের পরিত্যক্ত বিএস কোয়ার্টারে মেহেদী, শিমুল, রাসেলসহ চার শিক্ষার্থী প্রস্রাব করতে যায়। এ সময় সেখানে হামিদুল ও জমশেদসহ চার ব্যক্তি তাস খেলছিলেন। ছাত্ররা তাঁদের দেখে ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হামিদুল ও জমসেদ চার শিক্ষার্থীকে ধাওয়া করে। এরপর দুই ছাত্র ফিরে গেলেও শিমুল ও মেহেদী বাড়ি ফেরেনি।মেহেদীর নানি নুরোন বিবি জানান, তাঁদের এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতে নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত। তারাই ছেলে দুটিকে অপহরণ করেছে। শিমুলের বাবা আবদুস সামাদ জানান, অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২১ অক্টোবর তিনি ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরে বাধ্য হয়ে গত ১২ ডিসেম্বর ছেলেকে ভারতে পাচারের অভিযোগে মো. কামরুজ্জামান, জমশেদ আলী, মোকছেদুল, মবারক, হাসনা বেগম ও মতি শোভা রাণীকে আসামি করে তিনি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। এর আগে ওই ব্যক্তিরা খোচবাড়ি এলাকার চার শিশুকে ভারতে পাচার করেন। পরে এলাকাবাসীর চাপে তাঁরা শিশুদের ফিরিয়ে দিতে বাধ্য হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।আবদুস সামাদ অভিযোগ করেন, পুলিশ মামলাটি নিয়ে উদাসীনতা দেখাচ্ছে। তারা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ চেষ্টা করলে এত দিনে তাঁর ছেলেসহ দুই ছাত্রকে উদ্ধার করতে পারত।অভিযোগের ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনায়েম বলেন, ‘মামলা হয়েছে, তবে কোনো ডেভেলপমেন্ট নেই। আসামিদের পাওয়া যাচ্ছে না। কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।’