তিন মাসেও মিলল না ৫২ অপহূতের মুক্তি
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অপহূত ৫২ জন নেতা-কর্মী ও সমর্থক তিন মাসেও মুক্তি পাননি। তাঁদের মুক্তির ব্যাপারে স্থানীয়ভাবে সামাজিক উদ্যোগ নেওয়া হলেও বিবদমান জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে সমঝোতা না হওয়ায় মুক্তি পাচ্ছেন না বলে জানা গেছে।অপহূত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, অধিকাংশ পরিবারে অপহূত ব্যক্তিরাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন মাস যাবৎ অপহূত অবস্থায় থাকায় এসব পরিবার মানসিক যন্ত্রণার পাশাপাশি আর্থিক সংকটে রয়েছে।বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের উত্তর খাগড়াছড়ি গ্রামের মৃগসোনা চাকমা অপহূত ব্যক্তিদের একজন। তাঁর চিন্তায় ইতিমধ্যে স্ত্রী ও বাবা মারা গেছেন। এর পর থেকে তাঁর দুই ছেলে স্বজনদের কাছে রয়েছে।অপহূত জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি মণিশংকর চাকমার স্ত্রী বিনা চাকমা গত বুধবার প্রথম আলোর কাছে তাঁদের পরিবারের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তিনি জানান, মণিশংকর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অপহূত হওয়ার পর দুই ছেলেমেয়ের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পরে আত্মীয়স্বজনেরা মিলে ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালানোর সিদ্ধান্ত নেন। তার পরও পরিবার চলছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধারকর্জ করে। ১৬ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান শেষে নিজেদের বাড়ি লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় ফিরে যাওয়ার পথে অপহূত হন ৬২ জন নেতা-কর্মী ও সমর্থক। তাঁদের মধ্যে নারী-শিশু ও বয়স্ক ব্যক্তি মিলে ১০ জনকে মুক্তি দেওয়া হয়।অপহরণের এ ঘটনার জন্য জনসংহতি সমিতি ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ তা অস্বীকার করে। তবে সমঝোতা চেষ্টাকারী নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে ইউপিডিএফের সঙ্গে তাঁরা কথা বলেছেন।লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুখময় চাকমা বলেন, ‘আমরা এখন দুই পক্ষের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কারণ, রাজনৈতিক দলগুলোকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই। রাজনৈতিক নেতারা শুধু নিজেদের কথাই বলেন।’পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘অপহূত ব্যক্তিদের মুক্তি দিতে আমরা ইউপিডিএফের প্রতি আহ্বান জানিয়েছি। কাউকে জিম্মি করে আলোচনা বা সমঝোতা হতে পারে না। অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়ার পর প্রয়োজনে আলোচনা হতে পারে। তাঁদের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হলেও সরকার বা প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। ইউপিডিএফের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে জানান, এ ব্যাপারে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই বক্তব্যও নেই। রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘আমার সীমিত সাধ্যের মধ্যে অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে চেষ্টা করেছি। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাহাড়িদের সামাজিক উৎসব বৈসাবির আগে প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৪০ কেজি চাল ও কিছু নগদ টাকা দেওয়া হয়েছিল। এ মাসেও প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।’