তিন মাসেও মেরামত হয়নি
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম-তাঁতীপাড়া সড়কের শিমুলপাড়ায় কালভার্ট ভেঙে যাওয়ার পর তিন মাসেও মেরামত করা হয়নি। এ কারণে ওই এলাকার প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়গ্রাম-তাঁতীপাড়া সড়কটি এলজিইডির অধীন হলেও ২০০০ সালে বেসরকারি সংস্থা কেয়ার সড়কটি পাকা করে। এতে উপজেলা সদরের সঙ্গে ওই ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগ সহজ হয়। প্রায় তিন মাস আগে সড়কের কালভার্টটি ভেঙে যায়।
শিমুলপাড়ার বাসিন্দা রবিউল সরকার জানান, তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বড় বড় গাছের গুঁড়ি কালভার্টের ওপরে দিয়ে কোনোভাবে সেটি চালু রেখেছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
এলাকার পল্লি চিকিৎসক জয়নাল আবেদীন জানান, কালভার্ট ভেঙে উপজেলা সদরের সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হওয়ায় মুমূর্ষু রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যাচ্ছে না। ভটভটিচালক হাবিবুর রহমান বলেন, ‘কালভার্টটি ভেঙে যাওয়ায় যাত্রীসহ আমরা বিপদে পড়েছি। ঋণ করে ভটভটি কিনেছি, কালভার্টের কারণে তা বন্ধ রেখেছি।’
ঘাটনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে বিষয়টি স্থানীয় এলজিইডির কর্তৃপক্ষকে জানিয়ে আসছি, কিন্তু তারা কর্ণপাত করছে না। শেষ পর্যন্ত এলজিইডি উদ্যোগ না নিলে পরিষদের তহবিল থেকেই কালভার্টটি মেরামত করা হবে।’
এলজিইডির পোরশার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব সেখানে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন শামিম জানান, কালভার্টটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।