তিন মাসেও সংযোগ সড়ক হয়নি

সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। এরপর তিন মাসেও সংযোগ সড়ক হয়নি। এর ফলে যানবাহন চলাচল করতে পারছে না। সাঁকো তৈরি করে সেতু পার হচ্ছে পথচারীরা। দুর্ভোগে পড়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের পাঁচ গ্রামের অন্তত দুই হাজার মানুষ।
উপজেলার তালমা-জয়বাংলা আঞ্চলিক সড়কের লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি থেকে পূর্ব দিকে ফুলসুতী ইউপি কার্যালয় পর্যন্ত চলে গেছে একটি সড়ক। ছয় কিলোমিটার দীর্ঘ কালীবাড়ি-ফুলসুতী সড়কের লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের মল্লিকবাড়ি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৬ মিটার দৈর্ঘ্যের এবং ১৮ ফুট প্রস্থের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর। এক বছর মেয়াদি প্রকল্পটির জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এলাকাবাসী চলাচলের জন্য বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করে চলাচল করছে। পথচারীরা হেঁটে সেতুটি অতিক্রম করতে পারলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না। শাকরাইল, গোড়াইল, লস্করপুরসহ পাঁচটি গ্রামের দুই হাজারের বেশি মানুষের যাতায়াতের এটিই একমাত্র পথ। এলাকাবাসীকে কৃষিপণ্য বিক্রির জন্য এই সড়ক দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে যেতে হয়। সেতুটির সংযোগ সড়ক থাকলে এলাকাবাসী সরাসরি লস্করদিয়ার কালীবাড়ি থেকে ফুলসুতী ইউনিয়ন পর্যন্ত যাতায়াত করতে পারত। কিন্তু বর্তমানে তাঁদের কালীবাড়ি থেকে যানবাহনে করে সেতুটির পশ্চিম পাশে এসে নামতে হয়। এরপর সেতুর ওপর দিয়ে হেঁটে পূর্বপাড়ে ফুলসুতীগামী ভ্যান বা ইজিবাইকে চড়তে হয়।
ফুলসুতীর আব্দুল আলেম চৌধুরী উচ্চবিদ্যালয় ও ফুলসুতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বাড়ি সেতুর পশ্চিমপাড়ে। তাদের এই সড়ক দিয়েই ওই দুটি বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সরাসরি যানবাহনে করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না।
স্থানীয় ভ্যানচালক শেখ ইউনুস (৪৫) বলেন, ‘এখন ফুলসুতী থেকে কালীবাড়ি পর্যন্ত সরাসরি যেতে পারি না। এর ফলে আমাদের আয় রোজগার কমে গেছে।’
নাম প্রকাশ না করার শর্তে শাকরাইল গ্রামের এক বাসিন্দা বলেন, সেতুর সমস্যার কারণে ব্যাপক ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ধান-চালসহ বিভিন্ন পণ্য হাটবাজারে নিতে কষ্ট হয়। মাথায় করে কৃষিপণ্য নিয়ে সেতু পার হতে হয়।
লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। দেড় মাস আগে এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু কোনো ফল পাইনি।
ঠিকাদার এ এস এম রফিকুল আলম বলেন, সেতুটি নির্মাণে প্রথম পর্যায়ের কাজের সঙ্গে কিছু কিছু কাজ যুক্ত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ ছাড়া খালে পানি থাকায় সংযোগ সড়ক যথাসময়ে নির্মাণ করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে সড়ক নির্মাণ করে দেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ঠিকাদারের ১০ শতাংশ বিল এখনো বাকি আছে। সেতুটির দুই পাশে সংযোগ সড়ক করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।