
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় তিন মাস পরেও সংস্কার হয়নি উত্তর বাড্ডার প্রিমিয়ার প্লাজা কমপ্লেক্স। ফ্ল্যাট মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের দর-কষাকষিতে আটকে আছে সংস্কারকাজ। ফলে কমপ্লেক্স থেকে অন্যত্র সরিয়ে নেওয়া ১১৭টি ফ্ল্যাটের বাসিন্দাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
ফ্ল্যাট মালিকদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, তাই নির্মাতা প্রতিষ্ঠানকে নিজ খরচে ভবনটি সংস্কার করে দিতে হবে। আবার নির্মাতা প্রতিষ্ঠান বলছে, ভবন পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার খরচের একটি অংশ ফ্ল্যাট মালিকদেরও দিতে হবে। তবে আগামী সপ্তাহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভবনের সক্ষমতা পরীক্ষা শুরু করবে বলে নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) নির্মিত প্রিমিয়ার প্লাজায় আগুন লাগে গত ২৯ জুন। ১৪ তলা এই ভবনটির নিচের চারটি তলায় শপিং কমপ্লেক্স। ওপরের তলাগুলো আবাসিক। শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে আগুন লাগে। এতে ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত শপিং কমপ্লেক্সের জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের পর নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় ভবনের ৬ থেকে ১৪ তলা পর্যন্ত ১১৭টি ফ্ল্যাটের মালপত্র ও বাসিন্দাদেরও ভবন ছাড়ার নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিস। ঝুঁকি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের পর বসবাসের পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু অগ্নিকাণ্ডের প্রায় তিন মাস হতে চললেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেনি বিটিআই। পুড়ে যাওয়া মালপত্রও পরিষ্কার করা হয়নি।
প্রিমিয়ার প্লাজা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জাফর মিঞা প্রথম আলোকে বলেন, ‘বিটিআইয়ের সঙ্গে একাধিক সভা হয়েছে। বিটিআই বলছে, জমির মালিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ফ্ল্যাট মালিক তিন পক্ষের মধ্যে সংস্কারের খরচ ভাগ করা হবে। বিটিআইয়ের আগুন নির্বাপণব্যবস্থা ভালো হলে এত ক্ষতি হতো না। আমরা চাই, বিটিআই নিজের খরচে সম্পূর্ণ ভবন আগের অবস্থায় ফিরিয়ে দিক।’
অগ্নিকাণ্ডের তিন মাস হতে চললেও এখনো নিজের ফ্ল্যাটে উঠতে পারছেন না ফ্ল্যাট মালিকেরা। যদিও তাঁদের অংশে ক্ষয়ক্ষতির পরিমাণটা খুবই সামান্য। ভবনের একটি ফ্ল্যাটের মালিক লুৎফর রহমান বলেন, ‘খুব বাজে অবস্থায় আছি। বিটিআই বলেছিল, এক মাসের মধ্যে ভবন বসবাস উপযোগী করে দেবে। কিন্তু এখন বলছে, ফ্ল্যাট মালিকদের খরচ দিতে হবে। তিন মাস হয়ে গেছে তারা ভবন সংস্কারে কোনো উদ্যোগই নেয়নি।’
একাধিক ফ্ল্যাট মালিক বলেন, অনেকে ফ্ল্যাট কিনেছেন ঋণ নিয়ে। নিজের ফ্ল্যাটে থাকতে না পারলেও ঋণের কিস্তি দিতে হচ্ছে। একই সঙ্গে অন্য বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন।
গতকাল শুক্রবার দেখা যায়, বিশাল কমপ্লেক্সে সুনসান নীরবতা। দুজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছেন। কমপ্লেক্সের দোতলার অভ্যর্থনা কক্ষের দেয়ালজুড়ে ফাটল। ভবনের যে অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার পোড়া জিনিসপত্র বাইরে থেকেও চোখে পড়ছে। দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা বলেন, ফ্ল্যাট মালিকদের কেউ কোনো প্রয়োজনে এলে ঢুকতে দেওয়া হয়।
প্রিমিয়ার কমপ্লেক্সে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপপরিচালক মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, কমপ্লেক্সে প্রবেশপথটি ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করার মতো প্রশস্ত ছিল না। ভবনে পানির সংরক্ষিত জলাধার ছিল না। ভবনের পার্শ্ববর্তী রাস্তার প্রশস্ততা কমপক্ষে ২০ ফুট করতে বলা হয়েছে। ভবনে ভূগর্ভস্থ পানির সংরক্ষিত জলাধার স্থাপন করতে বলা হয়েছে।
ভবন সংস্কারের বিষয়ে জানতে চাইলে বিটিআইয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল আমিন বলেন, রাজউকের প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার খরচ নিয়ে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। বুয়েটের পরীক্ষা আগামী সপ্তাহে শুরু হবে। তাদের সুপারিশ পাওয়ার পরে সংস্কারকাজ শুরু হবে।