
নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট-বীরকোট সড়কের একটি সেতু প্রায় তিন মাস ধরে ভেঙে পড়ে আছে। এতে সেতুটি দিয়ে চলাচলকারী চারটি গ্রামের কমপক্ষে ১৫ হাজার মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের পাশে কানকিরহাট-বীরকোট সড়কের পাশে সেতুটির অবস্থান। উত্তর-দক্ষিণে লম্বা এ সেতুর দক্ষিণ পাশে ঢালাইয়ের বড় একটি অংশ নেই। ভেতরের রডগুলো বেরিয়ে এসেছে। ভাঙা অংশের ওপর কংক্রিটের দুটি স্লাব বসানো আছে। তার ওপর দিয়ে রিকশা-সাইকেল চলছে। অন্য কোনো যানবাহন চলার সুযোগ নেই। আবার সেতুর পশ্চিম পাশে রেলিংও নেই। এতে যেকোনো মুহূর্তে যানবাহন খালে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বীরকোট গ্রামের মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, প্রায় তিন মাস আগে পণ্যবাহী একটি পিকআপ ভ্যান সেতুর ওপর ওঠার পর ঢালাইয়ের কিছু অংশ ভেঙে পড়ে। এরপর ধীরে ধীরে ভাঙতে ভাঙতে এখন প্রায় ২০ বর্গফুটজুড়ে গর্ত হয়ে গেছে। ফলে এখন বড় কোনো যানবাহন এ সড়কে আসতে পারে না। এলাকার লোকজন ভাঙা অংশে দুটি স্লাব বসিয়ে দিয়ে সাইকেল ও রিকশা চলাচলের ব্যবস্থা করেছে।
বীরকোট গ্রাম ছাড়াও উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া, পরিকোট ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গজারিয়া গ্রামের লোকজন এ সেতু হয়ে যাতায়াত করে। এসব গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা এখন কানকিরহাটে যাতায়াত এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়া করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক বলেন, কানকিরহাট পূর্ববাজার থেকে বীরকোট পূর্ব পাড়া ও আশপাশের গ্রামগুলোতে যাতায়াতের ক্ষেত্রে এই কানকিরহাট-বীরকোট সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি ভেঙে পড়ার পরপরই তিনি উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে বিষয়টি জানান। কিন্তু সেতুটি সংস্কারে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি তারা।
তবে সেনবাগ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, সেতু ভেঙে পড়ার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান তাঁর কার্যালয়কে লিখিতভাবে অবগত করেননি। হয়তো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়কে অবগত করেছেন। এখন যেহেতু বিষয়টি তাঁর নজরে এসেছে, তিনি শিগগিরই সেতুটি সংস্কারের ব্যবস্থা করবেন।