তিন মাসেও সব বই পায়নি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম সরকার মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বই সরবরাহ করে। কিন্তু বছরের তিন মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা এখনো সব বিষয়ের বই পায়নি। কিছুদিন পরই প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। অথচ সময়মতো বই না পাওয়ায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দেওয়া নিয়ে বিপাকে পড়েছে। শরীয়তপুরে ৮২ হাজার বইয়ের সংকটজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলায় ১১০টি উচ্চবিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৭২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়। গোটা জেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ লাখ ৬৭ হাজার ৫৫৬টি বইয়ের চাহিদাপত্র দেওয়া হয়। কিন্তু পাঁচ লাখ বইয়ের বরাদ্দ মেলে। ২০০৯ সালের শিক্ষার্থীর তালিকা অনুযায়ী বই চাওয়া হয়। ২০১০ সালে শিক্ষার্থীর সংখ্যা আরও আট হাজার বৃদ্ধি পায়। জানুয়ারির শেষ সপ্তাহে মোট ৯১ হাজার বইয়ের চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়। গত ২৮ মার্চ আট হাজার বই পাওয়া গেলেও এখনো তা বিতরণ করা হয়নি। বর্তমানে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বই এবং সপ্তম ও অষ্টম শ্রেণীর কৃষিবিষয়ক বই সংকট রয়েছে। চর কুমারিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন, নুরুল আমিন ও শেফা জানায়, জানুয়ারি মাসে আমরা কিছু বই পেয়েছি। দুটি বিষয়ের বই এখনো পাইনি। কবে নাগাদ পাব, তাও জানি না। বই ছাড়া লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।হাটুরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, সব শিক্ষার্থীর হাতে জানুয়ারি মাসে বই পৌঁছে দিয়েছি। কিন্তু সব বিষয়ের বই পৌঁছে দিতে পারিনি। কোনো কোনো শিক্ষার্থী পুরোনো বই সংগ্রহ করেছে। তা দিয়ে কোনো রকমে পাঠ কার্যক্রম চালিয়ে নিচ্ছি। আগামী মে মাসের প্রথম সপ্তাহে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে বইয়ের সংকট দূর হয়ে যাবে। পাঠ্যপুুস্তক বোর্ডে যোগাযোগ করার পর তাঁরা দ্রুত বই সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।মির্জাপুরে ১৪ দিন পর প্রথম সাময়িক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষার আর মাত্র চৌদ্দ দিন বাকি। কিন্তু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৫২টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২৬ হাজার ৭৮৬টি বই এখনো সরবরাহ করা হয়নি। উপজেলার নয়াপাড়া গ্রামের এক অভিভাবক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘এখনো ছাত্রছাত্রীদের হাতে বই না পৌঁছানোয় অভিভাবক হিসেবে খুবই চিন্তায় আছি।’ মির্জাপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আসিফ রেজা জানায়, গণিত বই না পাওয়ায় আগামী ১৭ এপ্রিল পরীক্ষার প্রস্তুতি নিতে তাকে পুরোনো বই ধার করে আনতে হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রায়হানুল আলম বলেন, এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রীর হাতে বই না পৌঁছানোয় প্রথম সাময়িক পরীক্ষায় তাঁদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি বই দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নয়বার লিখিত আবেদন করেছি। আমি নিজে গিয়ে বই আনার চেষ্টা চালাচ্ছি। দ্রুত বই সরবরাহ করা হবে বলে আশা রাখি।’ গত ৭ ফেব্রুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ওই পরিমাণ বইয়ের বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সত্যজিত্ ঘোষ, শরীয়তপুর ও সোহেল মহসিন, মির্জাপুর (টাঙ্গাইল)]