মন্ত্রণালয়ের নির্দেশনার পর তিন মাস পার হলেও দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত সাত প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। তাঁরা এখনো স্বপদে বহাল আছেন।
চউকের এই সাত প্রকৌশলী হলেন নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মো. মাহফুজুর রহমান, মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ, আহম্মদ মঈনুদ্দিন ও মো. নুরুল আমিন ভূঁইয়া এবং সহকারী প্রকৌশলী রাজীব দাশ ও মোহাম্মদ হাসান। দুর্নীতি দমন কমিশন চউকের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
সাত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় চউক চেয়ারম্যানকে দুই দফা চিঠি দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তন্দ্রা শিকদারের স্বাক্ষর করা প্রথম চিঠি দেওয়া হয় গত ৩১ জানুয়ারি। দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে গত ৯ জুনের চিঠিতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘সাত কর্মকর্তার ব্যাপারে আইনে যেভাবে দিকনির্দেশনা দেওয়া আছে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনের বাইরে চলার সুযোগ নেই।’ আইনে কী নির্দেশনা আছে, জানতে চাইলে তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে তা বলা সম্ভব নয়।’
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে, এটাই আইনের বিধান। বরখাস্ত করা না হলে আইনের ব্যত্যয় ঘটবে।’
দুদক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের বিরুদ্ধে ১২টি মামলায়, মাহফুজুর রহমানের বিরুদ্ধে একটি, মুহাম্মদ শাহাবুদ্দীন খালেদের বিরুদ্ধে দুটি, নুরুল আমিন ভূঁইয়ার বিরুদ্ধে আটটি, রাজীব দাশের বিরুদ্ধে একটি, আহম্মদ মঈনুদ্দীনের বিরুদ্ধে একটি এবং মোহাম্মদ হাসানের বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে তাঁকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়। চউকের সাত প্রকৌশলীর বিরুদ্ধে একই নিয়ম অনুসরণ করেছি। কিন্তু চউক এখনো তাঁদের সাময়িক বরখাস্ত করেনি।’ তিনি আরও বলেন, ‘একদিকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, অন্যদিকে চাকরিতেও বহাল আছেন। এটা আইনের পরিপন্থী।’ চউকের উপসচিব অমল গুহ প্রথম আলোকে জানান, সাত প্রকৌশলী হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে চাকরি করছেন।