তিন মাসেও সারেনি ৩ সড়কের ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই-বড়ইছড়ি সড়কের দেওয়ানপাড়া এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l সুপ্রিয় চাকমা
ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই-বড়ইছড়ি সড়কের দেওয়ানপাড়া এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l সুপ্রিয় চাকমা

ভয়াবহ পাহাড়ধসের তিন মাসেও রাঙামাটির তিনটি আঞ্চলিক সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী হয়নি। ঝুঁকি নিয়ে এসব সড়কে চলছে অটোরিকশা, কারসহ ছোট যানবাহন। এসব সড়কে আগে বাস ও ট্রাক চলত। সড়ক তিনটি হচ্ছে ঘাগড়া-কাপ্তাই, ঘাগড়া-কাউখালী ও রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়ক।

গত ১৩ জুন পাহাড়ধসে রাঙামাটির প্রধান দুটি সড়ক রাঙামাটি-চট্টগ্রাম এবং রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক পুরোপুরি বিধ্বস্ত হয়। এই সড়কগুলো সংস্কারের পর এখন ভারী যানবাহন চলাচল করছে। তবে তিনটি আঞ্চলিক সড়ক এখনো পুরোপুরি সংস্কার হয়নি। তিনটি সড়কের মধ্যে ঘাগড়া-কাউখালী এবং রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পড়েছে। ঘাগড়া-কাপ্তাই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে পড়েছে।

৯ কিলোমিটার দীর্ঘ ঘাগড়া-কাউখালী সড়কটি গত সোমবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, এখনো সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের মাটি পড়ে আছে। সড়কের ঘাগড়াবাজার থেকে জুনুমাছড়া পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। জুনুমাছড়া এলাকায় সড়কের দুটি স্থানে বড় ধসের সৃষ্টি হয়েছে। ধস ঠেকাতে পোঁতা হয়েছে গাছের খুঁটি।

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ চাকমা প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টিতে ঘাগড়া-কাউখালী সড়কের ভাঙন আরও বাড়ছে। শুধু অটোরিকশা চলাচলের জন্য সড়কের ওপর ধসে পড়া মাটি সরানো হয়েছে। দীর্ঘ তিন মাস ধরে বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে অটোরিকশা চলাচলও বন্ধ হয়ে যাবে।

রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি কিছু বরাদ্দ ছিল, তা দিয়ে সড়ক থেকে মাটি সরানো ও কিছু স্থানে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। বরাদ্দের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না।

ঘাগড়া-কাউখালী সড়কের মতো একই অবস্থা ২১ কিলোমিটার দীর্ঘ কাপ্তাই-আসামবস্তি সড়কের। পাহাড়ধসে এই সড়কের ৩২টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। গত সোমবার এই সড়ক ঘুরে দেখা যায়, দুটি স্থানে বড় ফাটল রয়েছে। একটি ফাটল সড়কের ১২ কিলোমিটার অংশে (মোরঘোনা), অন্যটি ১৮ কিলোমিটার অংশে (কামিলাছড়ি)। ফাটল দুটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সড়কে ১৩টি স্থানে গাছের খুঁটি দিয়ে ধস ঠেকানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত রাঙামাটির ঘাগড়া-কাউখালী সড়ক। ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা। সড়কের ঝুনুমাছড়া এলাকা থেকে গত সোমবার সকালে তোলা l প্রথম আলো
ক্ষতিগ্রস্ত রাঙামাটির ঘাগড়া-কাউখালী সড়ক। ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা। সড়কের ঝুনুমাছড়া এলাকা থেকে গত সোমবার সকালে তোলা l প্রথম আলো

এদিকে ঘাগড়া-কাপ্তাই সড়কের ১৫ কিলোমিটার এলাকায় এখনো ১৪টি ভাঙন মেরামত হয়নি। এর মধ্যে শুধু ৫ থেকে ৭টি স্থানে ভাঙন রোধের জন্য গাছের খুঁটি পুঁতে রাখা হয়েছে। বাকি স্থানে ভাঙন ঠেকাতে কিছুই করা হয়নি।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিৎ তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, ঘাগড়া-কাপ্তাই সড়কে তিন মাস ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। বাস চলাচল বন্ধ থাকায় শুধু মোটরসাইকেল ও অটোরিকশার ওপর ভরসা স্থানীয় ব্যক্তিদের।

ক্ষতিগ্রস্ত সড়কগুলো সচল করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে রাঙামাটি-চট্টগ্রাম ও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। শুধু ঘাগড়া-কাপ্তাই সড়কে একটু সমস্যা রয়েছে। সড়কের ভাঙন ঠেকাতে খুঁটি দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে ওই সড়কও ভারী যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে।