তিন মাসেও সেতু মেরামত হয়নি, ভোগান্তি

পটুয়াখালীর দুমকির লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন ভাড়ানী খালের ওপর নির্মিত লোহার সেতু গত ২৭ সেপ্টেম্বর ভেঙে খালের ওপর পড়ে যায়। কিন্তু এখনো এটি মেরামত না হওয়ায় খালের দুই পারের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ট্রলারে করে ওই খাল পার হতে হচ্ছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ভাড়ানী খালের পূর্ব পাড়ে অবস্থিত হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। সেতু মেরামত না করায় এসব বিদ্যালয়ের খালের পশ্চিম পারের ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া দুই পারের লোকজনের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু। কিন্তু ওই দিন (২৭ সেপ্টেম্বর) রাতে তীব্র স্রোতে এলজিইডির পুরোনো লোহার সেতুটি ভেঙে খালে পড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে খালের দুই পারের মানুষের যোগাযোগব্যবস্থা।
দুর্ভোগের শিকার শিক্ষার্থী ও দুই পারের লোকজন সেতুটি পুনর্নির্মাণের দাবিতে ২৯ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালীতে মানববন্ধন করেন।
গত শুক্রবার ওই দুই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ট্রলারে খাল পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। এ সময় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলে, পানির স্রোত বাড়লে ট্রলারে পার হতে ভয় হয়। এরপরও তারা ঝুঁকি নিয়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যায়।
হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, প্রতিদিন অন্তত ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী এই সেতু পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতেন। সেতুটি ভেঙে পড়ায় এখন ঝুঁকি নিয়ে কেউ কেউ ট্রলারে, আবার অনেকে প্রায় তিন কিলোমিটার ঘুরে পাগলা এলাকার সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন।
লেবুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার বলেন, পুরোনো জরাজীর্ণ এই সেতু মেরামতের জন্য বারবার এলজিইডিকে জানানো হচ্ছে। এরপরও সেতু মেরামত করা হচ্ছে না।
দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের ভোগান্তি লাঘবে সেতুটি পুনর্নির্মাণ করতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
এলজিইডির পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ বলেন, সেতুটি এমনিতেই পুরোনো ছিল। এ ছাড়া খালের পানির প্রবল স্রোতের কারণে সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। তবে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সেতুটি মেরামত করা হবে বলে তিনি জানান।