জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্স
তিন মাসেও স্থগিত পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের পরীক্ষার নতুন সূচি তিন মাসেও ঘোষণা করা হয়নি। এতে বিপাকে পড়েছেন ২ হাজার ৬০০ শিক্ষার্থী।
পূর্ব ঘোষণা অনুয়ায়ী, ২৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ নামের একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের রাতে পরীক্ষা স্থগিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নিয়মকানুন না মানায় বগুড়ার বিএসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধিভুক্তি বাতিলের জন্য তিন বছর আগে মামলা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই মামলা এখনো বিচারাধীন। তা ছাড়া গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্স পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী এবার ফরম পূরণ করেননি। অথচ প্রতিষ্ঠানটিই রিট আবেদন করে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতে বাধ্য করে।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বগুড়ার প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের ডিপ্লোমা কোর্সের জন্য ২৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৫০০ শিক্ষার্থী ভর্তি দেখায়। নিয়ম অনুযায়ী, অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি করেনি। তা ছাড়া পরীক্ষার ফরম পূরণ করেনি। পরীক্ষার মাস দেড়েক আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আদালতে রিট করেন। আদালত নির্দেশ দেন ওই প্রতিষ্ঠানের ২৫০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ দিতে। কিন্তু অধ্যক্ষ ৫০০ শিক্ষার্থীর ফরম পূরণের টাকার ব্যাংক ড্রাফট জমা দেন। অনলাইনে ছাড়া এভাবে টাকা জমা দেওয়ার সুযোগ না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শে ২৫ ফেব্রুয়ারির পরীক্ষাটি স্থগিত করা হয়।
মশিউর রহমান আরও বলেন, প্রতিষ্ঠানটির করা রিট আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার পরিবর্তিত সূচি ঘোষণা করা সম্ভব হয়নি।