তিন মাসের কমিটিতে চার বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য গঠিত হলেও তা চার বছর পার করেছে। তবু পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এই অবস্থায় সংগঠনের একটি পক্ষ সক্রিয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে দুটি কমিটি গঠনের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যুবদলের নেতা-কর্মীরা জানান, ২০১০ সালের এপ্রিলে গোপন ভোটের মাধ্যমে আবু বকর সিদ্দিক উপজেলা যুবদলের আহ্বায়ক ও নাসিরুল ইসলাম পৌর কমিটির আহ্বায়ক নির্বাচিত হন। ওই বছরের ১২ জুন তিন মাসের জন্য দুই কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কিন্তু ওই আহ্বায়ক কমিটির মেয়াদ চার বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
বেশ কয়েকজন নেতা জানান, সম্প্রতি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা জেলা কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়েরের সহযোগিতায় গোপনে উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের চেষ্টা চালান। সংগঠনের একটি পক্ষ সম্মেলন করে গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে তৎপর হওয়ায় ওই প্রক্রিয়া ভন্ডুল হয়ে যায়। এ নিয়ে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান বলেন, ‘এখন শুনছি, একটি পক্ষ ঢাকায় বসে যুবদলের পকেট কমিটি গঠনের পাঁয়তারা চালাচ্ছে। সম্মেলন ছাড়া কমিটি গঠন করা হলে তা তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নেবে না।’
পৌর যুবদলের সভাপতির পদ প্রত্যাশী রফিকুজ্জামান বলেন, যুবদলের গোপন কমিটি গঠনের চেষ্টার কথা জানাজানি হওয়ার পর দলের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন সময় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলন করার উদ্যোগ নিলেও সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। বর্তমানে দেশে কোথাও সম্মেলনের মাধ্যমে যুবদলের কমিটি গঠন করা হচ্ছে না। তবে আমি নিজেও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে।’
পিরোজপুর জেলা যুবদলের কো-আহ্বায়ক মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলা কমিটি হবে ইউনিয়ন কমিটির নেতাদের ভোটের মাধ্যমে বা মতামতের ভিত্তিতে। তেমনি ওয়ার্ড কমিটির নেতাদের মতামতে পৌর কমিটি গঠন করা হবে। গোপনে কমিটি গঠন গুজব ছাড়া আর কিছুই নয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের বলেন, ‘মঠবাড়িয়া আমার বাড়ি। ওখানে যে নেতা নির্বাচিত হবেন সে-ই আমার। গোপন কমিটি গঠনে কেন প্রভাব বিস্তার করব।’