তিন মাসের কমিটির মেয়াদ ছয় বছরেও শেষ হয়নি!
ছয় বছর আগে ৯০ দিনের জন্য বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তখন কথা ছিল, ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু আজও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ৯০ দিনের জন্য করা সেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বরিশাল মহানগর যুবলীগের কার্যক্রম। তবে ওই কমিটির বেশির ভাগ নেতা-কর্মীই এখন নিষ্ক্রিয়। এতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, ২০০৪ সালে নিজামুল ইসলামকে আহ্বায়ক এবং মেজবাহউদ্দিন জুয়েল ও মাহমুদুল হক খান মামুনকে যুগ্ম আহ্বায়ক করে বরিশাল মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার কথা। আহ্বায়ক নিজামুল ইসলাম জানান, প্রথমে ৬৫ সদস্য হলেও পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে বাড়িয়ে আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা ৮০ করা হয়েছে। বর্তমানে এই কমিটির ২৫-৩০ জনও সক্রিয় নেই। দলীয় সূত্রে আরও জানা গেছে, গত ২২ এপ্রিল যুবলীগের সভাপতি ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বর্ধিত সভা করে সম্মেলন করার নির্দেশ দেন। কিন্তু আজও ওই নির্দেশ পালন করা হয়নি। তৃণমূলের নেতা-কর্মীদের অভিযোগ, নিজামুল ইসলাম তাঁর ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকায় নগরের ৩০টি ওয়ার্ড কমিটি গঠন করতে কোনো উদ্যোগ নেননি। যুগ্ম আহ্বায়ক মেজবাহউদ্দিন জুয়েলও ঠিকাদারি কাজে ব্যস্ত থাকায় দলীয় কর্মকাণ্ডে তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না। অপর নেতা মাহমুদুল হক খানকেও দলীয় কর্মকাণ্ডে তেমন দেখা যায় না। এসব কারণে একদিকে যেমন নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি, তেমনি দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বর্তমান কমিটিতে সক্রিয় সদস্য রয়েছে মাত্র ছয়-সাতজন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় আমরাও যুবলীগে আসতে পারছি না।’ জেলা ও মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন না হওয়ায় থেমে আছে নিচের দিকের সম্মেলনও। এখানে সম্মেলন হলে তাঁরা যুবলীগে আসার সুযোগ পেতেন। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম বলেন, ‘আহ্বায়ক কমিটি ৯০ দিনের জন্য করা হলেও ওই কমিটি দিয়ে মহানগর যুবলীগের কার্যক্রম চালানো হয়েছে। আমি চাই, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসুক। আমি মূল দলে কাজ করতে চাই।’ তিনি দলীয় কর্মসূচি বাদ দিয়ে ঠিকাদারি কাজে ব্যস্ত থাকার অভিযোগ অস্বীকার করেন।