তিন মাসের কমিটির ১০ বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। স্বেচ্ছাসেবক লীগের তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি প্রায় ১০ বছর পার করেছে। কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় সংগঠনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে শফিউল হককে আহ্বায়ক এবং আক্তারুজ্জামান, শেখ ফিরোজ ও শহিদুল ইসলাম শিকদারকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যের জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। কয়েক বছর আগে আক্তারুজ্জামান ও শেখ ফিরোজ স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে যুবলীগের কমিটিতে যুক্ত হয়েছেন। আক্তারুজ্জামান বর্তমানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ ফিরোজ সহসভাপতি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, আহ্বায়ক কমিটির উপজেলা কমিটি পুনর্গঠন করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা। কিন্তু আহ্বায়ক কমিটি ১০ বছর পার করলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক যুগ্ম আহ্বায়ক বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের কোনো কার্যক্রম নেই। জেলা কমিটির আহ্বায়কের অনীহার কারণে সংগঠনটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ কারণে আমিসহ অনেকে স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়েছি।’
তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ত্যাগী নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছিল। জেলার প্রতিটি উপজেলায় সংগঠনটির কমিটি আছে। জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার অসহযোগিতার কারণে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করা যাচ্ছে না।
১৯৯৮ সালে জেলা কৃষক লীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে চান মিয়া মঝি সভাপতি ও আবদুল মালেক ব্যাপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে পিরোজপুর জেলা শ্রমিক লীগের সম্মেলন হয়। সম্মেলনে আবদুর রাজ্জাক সভাপতি ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছয় বছর আগে নজরুল ইসলাম মারা গেলে যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান শেখ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন।
নাজিরপুর উপজেলা কৃষক লীগের সহসভাপতি শেখ জাকির আহমেদ বলেন, ‘কৃষক লীগের জেলা কমিটি গঠন করার পর একবার ইফতার মাহফিল করা ছাড়া আর কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি।’
চান মিয়া মাঝি বলেন, ‘সাধারণত আওয়ামী লীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের নিয়ে কৃষক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় আমরা সম্মেলন করতে পারিনি। আওয়ামী লীগের উপজেলা কমিটিগুলোর সম্মেলন শেষ হয়েছে। এখন কৃষক লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।’
সংগঠনের কার্যক্রম না থাকা প্রসঙ্গে জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান শেখ বলেন, দল ক্ষমতায় থাকলে নেতা-কর্মীরা সংগঠনের কার্যক্রমে সময় দেওয়ার চেয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। কেন্দ্রীয় কমিটির নেতারা সময় দিতে না পারায় সম্মেলন করা যায়নি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এসব সংগঠনের সম্মেলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।