তিন মাসের কাজ ছয় বছরেও শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর সড়কের এক কিলোমিটারের সংস্কারকাজ ছয় বছরেও শেষ হয়নি। তিন মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারের গাফিলাতির কারণে তা সম্ভব হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। আর বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা-শাপলাপুর সড়কের লম্বাঘোনা থেকে উত্তরকুল পর্যন্ত এক কিলোমিটারের সংস্কারকাজ করার জন্য ২০০৩-০৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৩৭ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেয়। এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসুফ কনস্ট্রাকশন। সংস্কারকাজ ২০০৩ সালের ২৯ ডিসেম্বর শুরু হয়। ২০০৪ সালের ২৯ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ঠিকাদার সংস্কারকাজ শেষ করেননি। সরেজমিনে দেখা গেছে, গোরকঘাটা-শাপলাপুর সড়কের ওই এক কিলোমিটারের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ঠিকাদার ইতিপূর্বে রাস্তায় খোয়া বিছালেও যানবাহনের চাপ এবং বৃষ্টির কারণে অনেক স্থানে খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক জানান, মাত্র এক কিলোমিটার সড়কের জন্য দীর্ঘদিন ধরে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগের শিকার হলেও এসব দেখার যেন কেউ নেই। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিকাদার সৈয়দ মোহাম্মদ ইউসুফের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে এলাকায় তাঁর কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত মৌলভী দিদারুল আলম বলেন, ‘আর্থিক সংকটের কারণে সংস্কারকাজ বন্ধ রয়েছে।’ উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘সংস্কারকাজ বাতিলপূর্বক ফের দরপত্র আহ্বানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’